বিনোদন

আরব সাগর জয় করে ইতিহাস, সাত বছরের রেয়াংশ খামকারের

থানের মেয়র শর্মিলা পিম্পলকর রেয়াংশের এই কৃতিত্বকে শহরের গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন।

Truth Of Bengal: মাত্র সাত বছর বয়সে অসম সাহস আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে ইতিহাস লিখল থানের কৃতী সন্তান রেয়াংশ খামকার। মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মালপে জেটি থেকে বিজয়দুর্গ পর্যন্ত ৩০ কিলোমিটার পথ সে পাড়ি দেয় মাত্র ৭ ঘণ্টা ৩০ মিনিট ১১ সেকেন্ডে আরব সাগরের ঢেউকে সঙ্গী করেই। এই দুর্দান্ত সাফল্যে তার নাম উঠেছে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস-এ। রেয়াংশ এখন এই দূরত্ব অতিক্রমকারী সর্বকনিষ্ঠ ভারতীয়।

থানের মেয়র শর্মিলা পিম্পলকর রেয়াংশের এই কৃতিত্বকে শহরের গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন। কোচ কৈলাস আখড়ার তত্ত্বাবধানে থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের সুইমিং পুলে নিয়মিত কঠোর অনুশীলনই রেয়াংশের এই সাফল্যের ভিত।

এর আগেও ছয় বছর বয়সে ১৫ কিলোমিটার সাঁতার কেটে সে নাম তুলেছিল ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ। পাশাপাশি গত বছরে রাজ্য ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় জিতেছে ১৩টি পদক। রেয়াংশ প্রমাণ করেছে, বয়স নয়, স্বপ্ন আর সাধনাই সাফল্যের আসল চাবিকাঠি।