তেরঙ্গা বুকে, স্বপ্ন চোখে! ইংলিশ চ্যানেলের পথে দক্ষিণ ২৪ পরগনার রবীন
South 24 Parganas' Robin on his way to English Channel
Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার মাটিতে এক অনন্য গর্বের মুহূর্ত। জেলার প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল জয়ের লক্ষ্যে বুধবার রওনা দিলেন তালদি গ্রামের রবীন বলদে। দারিদ্র্যতাকে হারিয়ে, অনটনকে সঙ্গী করে এক দুরন্ত লড়াইয়ের শেষে আজ তাঁর স্বপ্নযাত্রার শুভ সূচনা। এর আগেই তিনি সফলভাবে পার করেছেন পক প্রণালী। এবার তাঁর লক্ষ্য আরও বিস্তৃত, আরও দুঃসাহসিক, বিশ্ববিখ্যাত ইংলিশ চ্যানেল জয়।
বারুইপুর প্রেস ক্লাবে এসে এক আবেগঘন মুহূর্তে রবীন বলেন, “মনের জোরই আমার আসল শক্তি। ট্যালেন্টের থেকে বেশি জরুরি পরিশ্রম। নিজের আয়না নিজেকেই হতে হয়।”
রবীনের এই যাত্রা শুরু হয়েছিল এক অনাহার আর অনিশ্চয়তার জীবন থেকে। দিনের দু’বেলা খাওয়ার ব্যবস্থাও যেদিন ছিল কঠিন, সেই সময় থেকেও হার মানেননি। আজ তিনি ভারতীয় রেলের কর্মী। সরকার থেকে এখনও পর্যন্ত কোনও আর্থিক সহায়তা না পেলেও রাজ্য সরকার তাঁকে ‘বাংলার গৌরব’ সম্মানে ভূষিত করেছে। ইংলিশ চ্যানেল পেরোনোর জন্য চড়া খরচ মেটাতে তিনি ব্যক্তিগতভাবে ধার ও ঋণ নিয়েছেন। পাশে দাঁড়িয়েছে বারুইপুর প্রেস ক্লাব, যারা আর্থিক সহায়তা দিয়েছে এই অভিযানের জন্য।
তাঁর স্বপ্ন শুধু সাঁতারু হিসেবে রেকর্ড গড়ার নয়—ইংল্যান্ডের মাটিতে ভারতের তেরঙ্গা উড়িয়ে দিতে চান দেশবাসীকে এক অদম্য অনুপ্রেরণা। একইসঙ্গে সুন্দরবনের পরিবেশ রক্ষা, ম্যানগ্রোভ সংরক্ষণ ও স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করানোর বার্তা পৌঁছে দিতে চান নতুন প্রজন্মের কাছে।
রবীন বলদে জেলার তরুণদের উদ্দেশে বলেন, “সঠিক পরিকাঠামো তৈরি হলে দক্ষিণ ২৪ পরগনা থেকেই উঠে আসতে পারে বহু প্রতিভা, যারা আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করবে।” তাঁর এই স্বপ্ন, সংগ্রাম ও সাহস নিঃসন্দেহে জেলার ক্রীড়াইতিহাসে এক নব অধ্যায়ের সূচনা করবে।






