মুক্তির ১০ দিনের মধ্যেই অনলাইনে ফাঁস ‘দি ওডিসি’
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য হলিউড রিপোর্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকালে সমাজমাধ্যম এক্স হ্যান্ডেলে-এ ছবিটির একটি নিম্নমানের সংস্করণ পোস্ট করা হয়।
Truth of Bengal: মুক্তির মাত্র দশ দিনের মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল পরিচালক ক্রিস্টোফার নোলান-এর বহুল প্রতীক্ষিত ছবি ‘দি ওডিসি’। আন্তর্জাতিক স্তরে আলোচিত এই ছবির একটি পাইরেটেড সংস্করণ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় ফের সামনে এল হলিউডে পাইরেসির গুরুতর সমস্যা। ইতিমধ্যেই কপিরাইট লঙ্ঘনের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে ছবির পরিবেশক ইউনিভার্সাল পিকচার্স।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য হলিউড রিপোর্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকালে সমাজমাধ্যম এক্স হ্যান্ডেলে-এ ছবিটির একটি নিম্নমানের সংস্করণ পোস্ট করা হয়। প্রায় দু’ঘণ্টা ধরে সেটি অনলাইনে ছিল এবং সেই সময়ের মধ্যেই প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেন বলে দাবি করা হয়েছে। পরে কপিরাইট অভিযোগের ভিত্তিতে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়।
ঘটনার পর ইউনিভার্সাল পিকচার্স এক বিবৃতিতে জানায়, অনুমতি ছাড়া ছবিটি অনলাইনে প্রকাশের বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তা সরানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। সংস্থার বক্তব্য, কপিরাইট লঙ্ঘনের ঘটনাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং নিজেদের কনটেন্ট ও মেধাস্বত্ব রক্ষায় প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে অনলাইনে ছবি ফাঁস হলেও বক্স অফিসে তার প্রভাব এখনও পড়েনি। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেই বিশ্বজুড়ে‘দি ওডিসি’-র আয় ৬০০ মিলিয়ন ডলার অতিক্রম করেছে। ফলে দর্শকদের আগ্রহে কোনও ভাটা পড়েনি বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।
হোমারের বিখ্যাত মহাকাব্য অবলম্বনে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেনডায়া, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, ট্র্যাভিস স্কট এবংবেনি সাফডি-সহ একাধিক তারকা। মুক্তির পর থেকেই ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তবে পাইরেসির এই ঘটনা আবারও ডিজিটাল যুগে চলচ্চিত্রের মেধাস্বত্ব রক্ষার চ্যালেঞ্জকে সামনে এনে দিল।






