আহত সৃজলার বিগ বস সফর কি এখানেই শেষ? মুখ খুললেন অভিনেত্রী
ঘটনার ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা
Truth of Bengal: বিগ বস বাংলার ঘরে ফের উত্তেজনা তুঙ্গে। ক্যাপ্টেনসি টাস্ককে কেন্দ্র করে প্রতিযোগীদের মধ্যে টানাপোড়েন চলছিলই, তার মধ্যেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। নন্দিনী দত্তের সঙ্গে টাস্কে ধস্তাধস্তির সময় কাঠের ঘোড়া থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন অভিনেত্রী সৃজলা গুহ। ঘটনার ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।নতুন ক্যাপ্টেন বেছে নিতে প্রথমে আয়োজন করা হয়েছিল মিউজিক্যাল চেয়ার। সেই পর্ব থেকে পরবর্তী টাস্কের জন্য নির্বাচিত হন মনামী, জিতু, সৃজলা, তনুশ্রী ও রাজবীর। এরপর শুরু হয় কাঠের ঘোড়ায় বসে থাকার প্রতিযোগিতা। নিয়ম ছিল, ঘোড়ায় বসে থাকা প্রতিযোগীকে টেনে নামানো যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আঘাত করা যাবে না। টাস্ক শুরু হতেই প্রথমে রাজবীরকে ঘোড়া থেকে নামিয়ে দেন নন্দিনী। এরপর তাঁর লক্ষ্য হয়ে ওঠেন সৃজলা।
প্রথমবার সৃজলাকে নামানোর চেষ্টা হলে পরিস্থিতি সামাল দেন দুর্নিবার। কিন্তু দ্বিতীয় দফায় নন্দিনী জোরে টানতে গেলে আচমকাই ভারসাম্য হারান সৃজলা। মুহূর্তের মধ্যে কাঠের ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় অভিনেত্রীকে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁর মুখ, মাথা, ঘাড় এবং হাতে আঘাত লাগে। পরিস্থিতি দেখে বাকিরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। রাজবীর তাঁকে কোলে তুলে বিগ বসের মেডিক্যাল রুমে নিয়ে যান। ঘটনার পর সৃজলার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে তাঁর অনুরাগীদের মধ্যে। পরে তাঁর টিমের তরফে স্বাস্থ্য আপডেট দিয়ে জানানো হয়, অভিনেত্রী বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। শরীরের বিভিন্ন অংশে ব্যথা ও আঘাত থাকলেও এখনও পর্যন্ত কোনও গুরুতর অভ্যন্তরীণ চোটের খবর পাওয়া যায়নি। প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
অন্যদিকে দুর্ঘটনার পর নন্দিনীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবে সৃজলাকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না। টাস্কের উত্তেজনার মধ্যেই দুর্ঘটনাটি ঘটে যায়। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন দর্শকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় নন্দিনীর আচরণ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কেউ টাস্কে অতিরিক্ত আগ্রাসনের অভিযোগ তুলছেন, আবার কেউ এটিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখছেন। সব মিলিয়ে ক্যাপ্টেনসি টাস্কের এই ঘটনা বিগ বস বাংলার ঘরের সমীকরণ এক ধাক্কায় বদলে দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন—সৃজলা কবে সম্পূর্ণ সুস্থ হয়ে ফের খেলায় ফিরতে পারবেন এবং এই দুর্ঘটনার প্রভাব প্রতিযোগীদের সম্পর্কের উপর কতটা পড়ে।


