Bharti Singh: ফের সুখবর বলিপাড়ায়, দ্বিতীয়বার মা হতে চলেছেন কৌতূকশিল্পী ভারতী সিং
Truth of Bengal: কৌতূকশিল্পী ভারতী সিংয়ের পরিবারে খুশির হাওয়া। দ্বিতীয়বার মা হতে চলেছেন ভারতী। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় সন্তান আসার সুখবর ভাগ করে নেন তিনি। এদিন স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে নিজের বেবি বাম্পের একটি ছবি ভাগ করে নেন ভারতী। ছবিতে দেখা যাচ্ছে, সুইজারল্যান্ডে বেবিমুনে গিয়ে পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছেন হর্ষ-ভারতী। ছবিতে স্পষ্ট ভারতীয় বেবিবাম্প। ছবি পোস্ট করে ভারতী জানান যে, তাঁদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। জানিয়েছেন তিনি আড়াই মাসের অন্তঃসত্বা (Bharti Singh)।
View this post on Instagram
দ্বিতীয়বার মাতৃত্ব নিয়ে ভারতী বলেন, ”আমি যে দ্বিতীয়বার মা হতে চলেছি তা আমি একেবারেই বুঝতে পারিনি। আমি এই অবস্থায় পারফর্ম করেছি, ঘর ও বাইরের কাজ সমানতালে সামলেছি। আমার ওজন বেশি হওয়ার কারণেই আমি বুঝতে পারিনি যে আমার মধ্যে আরও একটা প্রাণ বেড়ে উঠছে। হঠাৎই একদিন আমার মনে হয়েছিল একবার পরীক্ষা করে দেখে নেওয়া যাক। আর তা করার পরই দেখলাম পজিটিভ এল। আমি সঙ্গে সঙ্গে এই খবর হর্ষকে জানাই। এটি আমাদের জন্যও অত্যন্ত আনন্দের একটা খবর। আমদের মনে হয়েছিল যে দ্বিতীয় সন্তান নেওয়ার এটাই সঠিক সময়।” পাশাপাশি এদিন ভারতী তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর প্রথম সন্তান গোল্লা দাদা হতে চলেছে। সবমিলিয়ে তারকা দম্পতির পরিবারে এখন খুশির হাওয়া। অধীর আগ্রহে তাঁরা অপেক্ষা করছেন দ্বিতীয় সন্তানের আগমনের (Bharti Singh)।






