রাজ্যের খবর

কেন্দ্র দিচ্ছে না আবাস যোজনার টাকা, জীর্ণ বাড়ি চাপা পড়ে জখম পাঁচ, বঞ্চনার মাসুল দিতে হচ্ছে মানুষকে

Five were injured when the dilapidated house was crushed

The Truth of Bengal: পাওয়ার কথা সরকারি বাড়ি। কিন্তু, সেই সরকারি বাড়ি মিলছে না বহু মানুষের। ভাঙাচোরা বাড়িতে দিন কাটাতে হচ্ছে। কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যের উপভোক্তারা থেকে যাচ্ছে বঞ্চিত। ভাঙাচোরা বাড়িতে বিপদ মাথায় নিয়ে বাস করতে হচ্ছে। বসন্তের বৃষ্টিতে আলগা হয়েছিল মাটির দেওয়াল। সেই বাড়ি ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা। আহত পাঁচজন। একজনের পা ভেঙেছে। দীর্ঘদিন বন্ধ কেন্দ্রের আবাস যোজনার টাকা। তাই ওই পরিবার সরকারি বাড়ি পাওয়ার যোগ্য হলেও এখন সেই বাড়ি পায়নি। এখন জীর্ণ মাটির ঘর চাপা পড়ে মৃত্যু মুখ থেকে ফিরতে হল হুগলির জিরাটের ওই পরিবারকে।

বাড়ি ভেঙে পড়ায় এখন মাথা গোঁজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তা। বলাগড়ের জিরাট হাটতলা এলাকার বাসিন্দা ভানু মালিক। দিনমজুরি করে পাঁচজনের সংসার চালান। মাটির দেওয়াল দেওয়া টালির চালের ঘরে বাস তাঁর পরিবারের। অনেকদিন ধরে বাড়িটি ভাঙাচোরা অবস্থায় ছিল। এবার বৃষ্টিতে দেওয়াল আলগা হয়ে পড়ায় ভেঙে পড়ল। কেন তাঁদের মতো দরিদ্র মানুষজন পাবেন না কেন্দ্রের আবাস যোজনার টাকা। কেন তাদের বঞ্চিত করে রাখা হবে। উঠছে এই প্রশ্ন। জিরাট পঞ্চায়েতের প্রধান তপন দাস জানান, তিনি নিজে গিয়ে দেখে এসেছেন। পঞ্চায়েতের এক্তিয়ারে যা পড়ে সেইমত সাহায্য করা হবে পরিবারটিকে।

আবাস যোজনার বাড়ির টাকা আটকে থাকায় এই রকম গরিব পরিবারগুলিকে ঘর দেওয়া যাচ্ছে না। তাই কেন্দ্রকে আক্রমণ করেছেন তিনি। কয়েক বছর ধরে রাজ্যের আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। সেই টাকা মিটিয়ে দেওয়ার জন্য বারবার কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তাও টাকা রাজ্যের টাকা মেটানো হচ্ছে না। যার মাসুল দিতে হচ্ছে গরিব মানুষকে। বিপদ মাথায় নিয়ে জীর্ণ কুঁড়ে ঘরে বাস করতে হচ্ছে। বৃষ্টিতে সেই বাড়ি চাপা পড়ে জখম হতে হচ্ছে। হুগলির জিরাতে ঘটল তেমনই ঘটনা।

Related Articles