রাজ্যের খবর
Trending

বীরভূম জেলা সফরে বড় চমক মুখ্যমন্ত্রীর, সব মিলিয়ে ১২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হতে চলেছে

Chief Minister on district visit to Birbhum

The Truth Of Bengal : লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দলের তৎপরতা একেবারে তুঙ্গে। রাজ্যের উত্তর থেকে দক্ষিনে হচ্ছে একের পর এক জেলা সফর। শনিবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরের উদ্দেশ্যে বেরিয়ে বোলপুর পৌঁছে গিয়েছেন। রবিবার সিউড়ির চাঁদমারি মাঠে প্রশাসনিক সভায় অংশ নেবেন তিনি। এখান থেকেই বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণার পাশাপাশি জনকল্যাণকর পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। এরপরই এদিন সন্ধ্যেবেলা  কলকাতায় ফিরে আসার কথা রয়েছে তার। জানুয়ারির শেষ সপ্তাহে উত্তরবঙ্গ সফর শেষে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়ায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফর সূচির মধ্যে বীরভূমে যাওয়া হয়ে ওঠেনি। এবার তাই সিউড়িতে প্রশাসনিক সভায় একদিনের জন্য বীরভূমে মুখ্যমন্ত্রী। তবে এদিনের জন্য অপেক্ষা করে রয়েছে বড় চমক। রবিবার সিউড়ি থেকে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। শুধুই তাই নয় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ক্লাস শুরু হয়ে গিয়েছে। এবার শুধু বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন রবিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে হবে বলেই জানা যায়।

সূত্রের খবর মুখ্যমন্ত্রী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাঁচে শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় করার আগ্রহ প্রকাশ করেছিলেন। ঠিক সেই মতো গত পাঁচ বছর আগেই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে যায়। এই বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ৩৮৯ কোটি টাকা খরচ করা হয়েছে। রবিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এ দিন তার পাশাপাশি পানাগর ইলামবাজার রাস্তার আধুনিকীকরণ তথা চার লেন বিশিষ্ট সড়কের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই সড়ক নির্মাণের জন্য মোট খরচ হয়েছে ১৫০ কোটি টাকা। এছাড়াও ডেউচা পাঁচামি প্রকল্পে ১০০ জনেরও বেশি জমিদাতাদের চাকরির নিয়োগ পত্র দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মূলত কনস্টেবল এবং গ্রুপ ডি বিভাগে চাকরি দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই প্রকল্পের জন্য যে সকল মানুষ নিজের জমি দিয়েছেন তাদের পুনর্বাসন হিসেবেও এই চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর রবিবার মোট ৭২৩ কোটি টাকার বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। মোট ২১৬ টি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এদিন গোটা বীরভূম জুড়ে  ১২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী। যদিও এখানেই শেষ নয় এর পাশাপাশি রাঙ্গাবিতানে দ্বিতীয় টুরিস্ট কমপ্লেক্সেরও আনুষ্ঠানিক শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আরও জল্পনা রয়েছে যে এদিন বোলপুরে রোড শো হতে পারে মুখ্যমন্ত্রীর।

 

FREE ACCESS

Related Articles