চাষের সুরাহায় বসল সৌর-পাম্প, পুরসভার উদ্যোগে খুশি কৃষকরা
Solar-pumps were installed as a solution to farming

The Truth of Bengal: কৃষিনির্ভর জেলা হুগলি। জেলার সব প্রান্তেই নানা চাষবাসের সঙ্গে যুক্ত মানুষ। চাষের জমির বড় অংশ সেচের জলের ওপর নির্ভরশীল। এতদিন চাষের কাজে মিলত না পর্যাপ্ত জল। এলাকার মানুষের দাবি ছিল তাদের সুরাহার জন্য পাম্প বসানো হোক। কৃষকদের সমস্যার কথা মাথায় রেখে সৌরশক্তি চালিত লিভার পাম্প উদ্বোধন হল হুগলির আরামবাগের দ্বারকেশ্বর নদের তিরে ডিংডিঙি সাহাবের ঘাট এলাকায়। আরামবাগ পুরসভার পক্ষ থেকে ওই এলাকায় দুটি লিভার পাম্প বসানো হয়েছে।
কৃষকদের খরচ কম করতে এবং বিদ্যুৎ না থাকলে যাতে জল পেতে সমস্যায় পড়তে না হয়, সেই কথা মাথায় রেখে সৌর বিদ্যুৎ চালিত দুটি পাম্প চালানোর পরিকল্পনা করা হয়। সেই মতো কাজ শুরু হয়। সৌরবিদ্যুৎ চালিত পাম্প দুটি উদ্বোধন করলেন আরামবাগ পুরসভার পুরপ্রধান। পুরসভার পক্ষ থেকে উদ্বোধন হলেও পাম্পগুলি থাকবে কৃষকদের তত্ত্বাবধানে। রক্ষণাবেক্ষণ করবে পুরসভা।
এতদিনের সমস্যার সমাধান হওয়ার খুশি এলাকার কৃষকরা। এবার আর তাদের চাষের জল পেতে সমস্যায় পড়তে হবে না। সেইসঙ্গে বিদ্যুতের খরচও কম হবে। তাই প্রশাসনের উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন কৃষকরা। মূলত পাম্পের জলের ওপর নির্ভরশীল এলাকার চাষিরা। সেক্ষেত্রে বিদ্যুৎ ছাড়া উপায় ছিল না। এবার প্রশাসনের উদ্যোগে সৌরশক্তি চালিত পাম্প হওয়ায় সেই সমস্যা মিটেছে। এখন আর জল পেতে অসুবিধা হবে না। অনেক বড় সমস্যা মিটে যাওয়ায় খুশি এলাকার কৃষকরা।






