রাজ্যের খবর

বঙ্গনারীর অঙ্গশোভায় পোড়ামাটির গয়না,শারদোৎসবের আগে ব্যস্ততা তুঙ্গে শিল্পীদের

Durga Pujo 2023

The Truth of Bengal: অঙ্গশোভা বাড়াতে বঙ্গনারীর ভরসা নানা গয়না। সোনা-রুপোর গয়না তো আছেই। এখন আবার নানা ধাতুন গয়নার চল বেড়েছে। তবে বাজার দখল করতে আসছে পোড়া মাটির গয়না। আসন্ন শারদোৎসবে বঙ্গনারীর অঙ্গশোভা বাড়াবে সেই গয়না। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়া গ্রাম বিখ্যাত পোড়ামাটির গয়নার জন্য। এখন সোনার গয়নার দাম আকাশছোঁয়া। তাই আজকের বঙ্গনারীর একটা বড় অংশ বিশেষত তরুণ প্রজন্ম পোড়ামাটির গয়নার দিকে ঝুকছেন। তাই এখন সেই পোড়া মাটির গয়নার চাহিদা তুঙ্গে।

নারীর অঙ্গসজ্জায় পোড়ামাটির গয়নার ব্যবহার নতুন নয়। ধাতুর গহনা আবিষ্কারের বহুকাল আগে মানবসভ্যতার বিকাশের সঙ্গেই নরনারীর অঙ্গসজ্জায় এই পোড়ামাটির গয়নার ব্যবহার শুরু হয়েছিল। যুগের বির্বতনের সঙ্গে সোনা, রুপো, ব্রোঞ্জের মতো ধাতুর গহনা নারীদের প্রিয় হয়ে উঠলেও পোড়ামাটির গয়না তার নিজস্বতা ধরে রাখতে সক্ষম হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে পোড়ামাটির এই গহনার গায়ে এখন ফ্যাশনেবল তকমা লেগেছে। আর এই তকমার জেরেই নতুন প্রজন্মের কাছে পোড়ামাটির গয়নার চাহিদা এখন তুঙ্গে। কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়া গ্রামে এখন সেই গয়না তৈরির ব্যস্ততা তুঙ্গে।

যে মানুষটির হাত ধরে কালিয়াগঞ্জের পোড়ামাটির গয়নার আজ এত রমরমা, সেই দুলাল রায় ও তার পরিবার এখন চূড়ান্ত ব্যস্ত।পোড়ামাটির শিল্পকর্মের কথা উঠলেই বাঁকুড়ার বিষ্ণুপুরের নাম সামনে আসে। দক্ষিণবঙ্গের এই বিষ্ণুপুরের মতোই উত্তরবঙ্গের কালিয়াগঞ্জ ব্লকের কুনোর হাটপাড়া গ্রামের টেরাকোটা শিল্পীরা নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে চলছেন পোড়ামাটির শিল্পকর্মে। এখানকার পোড়া মাটির গয়না অনেক বছর আগে আমেরিকা ও রাশিয়ার মতো দেশে পাড়ি দিয়েছে। শারদোৎসবের আগে চাহিদা মেটাতে এখন রাতদিন এক করে কাজ করছে শিল্পীরা।

Free Access

Related Articles