“কাটমানি চাইলে আটকে রাখুন!”, গড়মিল হলে এফআইআরের হুঁশিয়ারি কৌস্তভ বাগচীর
বাড়ি তৈরিতে গড়মিল হলেই উপভোক্তার বিরুদ্ধে এফআইআর? আবাস যোজনা নিয়ে বড় হুঁশিয়ারি কৌস্তভ বাগচীর!
Truth of Bengal: আবাস যোজনার টাকা নিয়ে কাটমানির অভিযোগ যাতে আর না ওঠে, সে বিষয়ে কড়া অবস্থান নিলেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। আগের তৃণমূল জমানায় আবাসের টাকায় দুর্নীতির অভিযোগের পুনরাবৃত্তি আটকাতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “আবাসের টাকায় কেউ কাটমানি চাইলে তাঁকে আটকে রাখুন।” পাশাপাশি বাড়ি নির্মাণে নিয়মের ব্যত্যয় বা গড়মিল হলে উপভোক্তার বিরুদ্ধেও এফআইআর (FIR) দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বারাকপুর পুরসভার উদ্যোগে আয়োজিত একটি বিশেষ পরিষেবা শিবিরে আবাস যোজনার উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন কৌস্তভ বাগচী। জানানো হয়েছে, এই বিশেষ শিবির চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। শিবিরের মঞ্চ থেকেই বিধায়ক স্পষ্ট করেন, কোনও সরকারি কর্মী, পুর আধিকারিক কিংবা রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কেউ টাকা চাইলে উপভোক্তারা যেন সরাসরি তাঁকে জানান। একইসঙ্গে সরকারি নির্দেশিকা ও নিয়ম মেনে পাকা বাড়ি তৈরির তাগিদ দিয়ে তিনি সতর্ক করেন, নিয়মের বাইরে গিয়ে নির্মাণকাজ হলে উপভোক্তাকেও রেয়াত করা হবে না এবং তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে এফআইআর করা হবে।
বিগত সরকারের আমলে আবাস প্রকল্পের অনিয়ম নিয়ে সুর চড়িয়ে কৌস্তভ বাগচী জানান, অযোগ্য প্রাপকদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়েও পদক্ষেপ করা হচ্ছে। উল্লেখ্য, পূর্বতন শাসকদলের আমলে রাজ্যজুড়ে আবাসের টাকা নিয়ে নানা অভিযোগ সামনে এসেছিল; কোথাও স্থানীয় স্তরে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে, আবার কোথাও দোতলা পাকা বাড়ির মালিকদের অ্যাকাউন্টেও প্রকল্পের অর্থ ঢুকে যাওয়ার ঘটনা নিয়ে শোরগোল পড়েছিল। জেলায় জেলায় জমা পড়া বহু অভিযোগের নিষ্পত্তি হলেও অনেক ক্ষেত্রেই ক্ষোভ ছিল। এই ধরনের অনিয়ম ও দুর্নীতি রুখে স্বচ্ছতা বজায় রাখতেই কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।





