আন্তর্জাতিক

‘চিনপন্থী’ বলেন্দ্রর প্রথম ভারত সফর, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা?

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা তাঁর।

Truth of Bengal: সীমান্ত বিবাদ ঘিরে ভারতের সঙ্গে টানাপড়েন, অন্যদিকে চিনের সঙ্গে ঘনিষ্ঠতা। এই পরিস্থিতিতে প্রথমবার ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। রবিবার দিল্লিতে পা রাখার কথা তাঁর। গত বছরের গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। উল্লেখযোগ্যভাবে, বেজিং চেয়েছিল তাঁর প্রথম বিদেশ সফর চিনে হোক। কিন্তু সেই প্রস্তাব উপেক্ষা করে দিল্লিকেই বেছে নিয়েছেন বলেন্দ্র।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা তাঁর। বাণিজ্য, জ্বালানি, জলসম্পদ, জলবায়ু সংকট, ডিজিটাল সংযোগ এবং উন্নয়নমূলক অংশীদারিত্ব নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি অগ্নিবীর প্রকল্পে গোর্খা সৈন্য নিয়োগের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। বৈঠকের পর দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে যৌথ বিবৃতি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

তবে এই সফরের আগে সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ সীমান্ত বিবাদ। লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও নেপালের মধ্যে মতবিরোধ রয়েছে। ২০২০ সালে নেপালের নতুন মানচিত্রে এই এলাকাগুলিকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখানো হলে আপত্তি জানায় নয়াদিল্লি। সম্প্রতি লিপুলেখ গিরিপথ নিয়ে চিন ও ব্রিটেনের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে বিতর্ক আরও বাড়িয়েছেন বলেন্দ্র।

১৮১৬ সালের সগৌলি চুক্তিতে কালী নদীকে ভারত-নেপাল সীমান্ত হিসেবে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নদীর উৎস কোথায়, তা নিয়েই দুই দেশের মধ্যে মতপার্থক্য। নেপালের দাবি, নদীর উৎস লিম্পিয়াধুরা। অন্যদিকে ভারতের বক্তব্য, লিপুলেখের নীচের দিক থেকেই কালী নদীর উৎপত্তি।

এই পরিস্থিতিতে বলেন্দ্রর দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চিনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও ভারতের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য কতটা রক্ষা করতে পারেন নেপালের প্রধানমন্ত্রী, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Related Articles