আকভানের প্রভাবে ফসলের ক্ষতি, সবজির বাজারে আগুন!
বাজারে বেগুন, উচ্ছে, গাজর, ঢেঁড়শ ও ঝিঙের দাম কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে।
Truth of Bengal: শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান। তবে তার আগেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে রাজ্যের কৃষিক্ষেত্র। টানা বৃষ্টিতে জল জমে বিঘার পর বিঘা জমির ধান, ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা-সহ বিভিন্ন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষের ক্ষতির প্রভাব পড়েছে বাজারেও। একাধিক সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বাজারে বেগুন, উচ্ছে, গাজর, ঢেঁড়শ ও ঝিঙের দাম কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে। ফুলকপি ও বাঁধাকপির দামও আগের ২০-৩০ টাকা থেকে বেড়ে হয়েছে প্রায় ৪০ টাকা প্রতি কপি। শশার দাম ৮০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে। ঢেঁড়শ ৬০ থেকে বেড়ে ৮০ টাকা এবং ঝিঙে ৮০ থেকে বেড়ে ১০০ টাকা কেজি দরে বিকোচ্ছে। বেগুনের দামও কেজিতে ১০০ টাকা। পটল কিনতে খরচ হচ্ছে ৮০ টাকা বা তার বেশি। উচ্ছের দাম ৬০ থেকে বেড়ে ৮০ টাকা হয়েছে। গাজরের দামও কেজিতে ১০০ টাকা ছাড়িয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষিরা। ভাঙড় ২ ব্লকের সাতুলিয়া, কচুয়া, বেলেদানা, নিমকুড়িয়া, ছেলেগোয়ালি ও কাটজালা এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে চাষের জমি। বহু কৃষক ফুলকপি, বাঁধাকপি ও লঙ্কা চাষ করেছিলেন। কোথাও কোথাও ফসল তোলার কাজও শুরু হয়েছিল। কিন্তু ঝড়-বৃষ্টিতে জমি ডুবে যাওয়ায় মাথায় হাত পড়েছে তাঁদের। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন। ফসল নষ্ট হওয়ায় কীভাবে সেই দেনা শোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। সরকারি সাহায্যের দাবিও জানিয়েছেন তাঁরা।
শুধু ভাঙড় নয়, আরামবাগ, ক্যানিং, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকাতেও চাষের ক্ষতি হয়েছে। কোথাও বৃষ্টির জলে নষ্ট হয়েছে ধান, কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি। আর তারই প্রভাব পড়েছে বাজারে। আকভানের প্রভাব কাটলেও সবজির বাড়তি দাম এখন সাধারণ মানুষের হেঁশেলে বাড়তি চাপ তৈরি করছে।






