আন্তর্জাতিক

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তপ্ত বাংলাদেশ, বাড়ানো হল নিরাপত্তা

বিশেষ নজর দেওয়া হচ্ছে রাজধানী ঢাকা ও গোপালগঞ্জে।

Truth of Bengal: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে আরও চার প্লাটুন সেনা। বিশেষ নজর দেওয়া হচ্ছে রাজধানী ঢাকা ও গোপালগঞ্জে। উল্লেখ্য, এক একটি প্লাটুনে সাধারণত ৩০ থেকে ৪০ জন জওয়ান থাকেন।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। শুক্রবার জেলার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহম্মদ আলি হোসেন ফকির। তাঁর সঙ্গে ছিলেন বিজিবি এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক।

নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা জেলা ও মহানগর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর এবং কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরে ৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৯, ময়মনসিংহে ২, ফরিদপুরে ৫ এবং কক্সবাজারে ৬ প্লাটুন বাহিনী মোতায়েনের কথা জানানো হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন সেনা প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগের কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ানোর খবর সামনে এসেছে। রাজধানী ঢাকা-সহ একাধিক এলাকায় হামলা, বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত কয়েক দিনে গোপালগঞ্জের তিনটি থানায় অগ্নিসংযোগ এবং হাসপাতালে হামলার অভিযোগও সামনে এসেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করল বাংলাদেশের প্রশাসন।

Related Articles