কলকাতা

পোস্তা থেকে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য যাবে রেলে! নতুন মাস্টার প্ল্যানে বড় প্রস্তাব

প্রতিদিন এই বাজার থেকে বিপুল পরিমাণ খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রাজ্যের বিভিন্ন জেলা থেকে শুরু করে ভিন্‌রাজ্যের বাজারেও পৌঁছয়।

জ্যোতির্ময় দত্ত, কলকাতা : কলকাতার পাইকারি বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র পোস্তা। প্রতিদিন এই বাজার থেকে বিপুল পরিমাণ খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রাজ্যের বিভিন্ন জেলা থেকে শুরু করে ভিন্‌রাজ্যের বাজারেও পৌঁছয়। কিন্তু পণ্য পরিবহণে সড়কপথের উপর অতিরিক্ত নির্ভরতা, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং যানজটের কারণে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। সেই সমস্যা কাটাতে এ বার বিকল্প পরিবহণ ব্যবস্থা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার। পোস্তার বাণিজ্যকে রেলপথের সঙ্গে যুক্ত করে চক্ররেলকে পণ্য পরিবহণের কাজে ব্যবহার করা যায় কি না, সেই সম্ভাবনাই উঠে এসেছে নতুন মাস্টার প্ল্যানে।

বুধবার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে পোস্তা বাজারের পরিবহণ সমস্যা এবং রেলপথ ব্যবহারের প্রস্তাব তুলে ধরা হয়। শহরের ব্যস্ত সড়কগুলির উপর চাপ কমিয়ে কী ভাবে ব্যবসায়ীদের পণ্য পরিবহণ আরও সাশ্রয়ী করা যায়, তা নিয়ে আলোচনা হয়। রাজ্যের তরফে এই প্রস্তাবকে গুরুত্ব দিয়ে চক্ররেলের পরিকাঠামো ও সংশ্লিষ্ট রেল সংযোগগুলি কাজে লাগানোর সম্ভাবনা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে পোস্তা থেকে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পাঠাতে ব্যবসায়ীদের মূল ভরসা ট্রাক ও অন্যান্য সড়ক পরিবহণ ব্যবস্থা। দূরত্ব বাড়লে পরিবহণ খরচও বাড়ে। তার সঙ্গে যুক্ত হয় শহরের যানজট, পণ্য ওঠানো-নামানোর সময় এবং সরবরাহের অনিশ্চয়তা। এই সমস্ত খরচ শেষ পর্যন্ত পণ্যের বাজারদরেও প্রভাব ফেলে। রেলপথে পণ্য পরিবহণের সুযোগ তৈরি হলে একদিকে যেমন ব্যবসায়ীদের খরচ কমতে পারে, তেমনই অন্য রাজ্যের বাজারে কলকাতার পাইকারি ব্যবসার প্রতিযোগিতার ক্ষমতাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

পোস্তা বাজারের বাণিজ্যিক গুরুত্ব যথেষ্ট বড়। প্রায় ৬০০ জন পাইকারি ব্যবসায়ী এই বাজারে ব্যবসা করেন। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ১০ হাজার শ্রমিক এবং ৯ হাজারেরও বেশি কর্মচারী এই বাজারের সঙ্গে যুক্ত। বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার বেশি বাণিজ্যের সঙ্গে জড়িত এই বাজারের পরিবহণ ব্যবস্থায় পরিবর্তন হলে তার প্রভাব পড়বে ব্যবসায়ী, শ্রমিক, পরিবহণ কর্মী এবং বৃহত্তর সরবরাহ ব্যবস্থার উপরেও। ফলে রেলকে ব্যবহার করে পণ্য পরিবহণের পরিকল্পনা শুধুমাত্র একটি বাজারের সমস্যা সমাধান নয়, কলকাতার বাণিজ্যিক পরিকাঠামোকে নতুনভাবে সাজানোর সম্ভাবনাও তৈরি করছে।

পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও এই উদ্যোগকে ইতিবাচক ভাবে দেখছেন। তাঁদের মতে, রেলপথে পণ্য পাঠানোর ব্যবস্থা চালু হলে পরিবহণ ব্যয় কমানোর পাশাপাশি পণ্য সরবরাহের ক্ষেত্রে আরও নির্ভরযোগ্য ব্যবস্থা তৈরি হতে পারে। এতে আন্তঃরাজ্য বাণিজ্য সম্প্রসারণের সুযোগ বাড়বে এবং বাংলার পাইকারি বাজার নতুন করে গতি পেতে পারে।

যাত্রীবাহী চক্ররেল, এবার পণ্য পরিবহণের ভাবনা
কলকাতার চক্ররেল মূলত শহরের যান চলাচল ও যাত্রী পরিবহণের সুবিধার জন্য গড়ে উঠেছে। তবে এই রেলপথের ইতিহাসে পণ্য পরিবহণের গুরুত্বও রয়েছে। বন্দর ও বাণিজ্যিক এলাকার সঙ্গে রেল যোগাযোগের পুরনো সম্পর্ককে সামনে রেখে নতুন করে এই পরিকাঠামো ব্যবহারের ভাবনা দেখা দিয়েছে। পোস্তার মতো বড় পাইকারি বাজারকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা গেলে শহরের বাণিজ্যিক পরিবহণ ব্যবস্থায় নতুন অধ্যায় শুরু হতে পারে।

তবে চক্ররেলের বর্তমান পরিকাঠামোয় মালগাড়ি চালানো কতটা সম্ভব, যাত্রী পরিষেবা ব্যাহত না করে পণ্য পরিবহণের ব্যবস্থা কী ভাবে করা যাবে, কোথায় পণ্য ওঠানো-নামানোর পরিকাঠামো তৈরি করতে হবে—এমন একাধিক বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। রেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, প্রযুক্তিগত সমীক্ষা এবং পরিচালনাগত পরিকল্পনার পরেই প্রকল্পের বাস্তব চিত্র স্পষ্ট হবে।

বাণিজ্যে নতুন দিগন্তের অপেক্ষা
পোস্তার পণ্য রেলপথে দেশের বিভিন্ন বাজারে পৌঁছনোর পরিকল্পনা কার্যকর হলে কলকাতার পাইকারি বাণিজ্যে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সড়কের উপর নির্ভরতা কমানো, পরিবহণ খরচ নিয়ন্ত্রণ, পণ্য সরবরাহের গতি বাড়ানো এবং শহরের যানজট কিছুটা কমানোর মতো একাধিক সুবিধা মিলতে পারে। তবে পরিকল্পনাটি এখন সম্ভাবনার স্তরে। প্রশাসনিক সিদ্ধান্ত, রেল কর্তৃপক্ষের সহযোগিতা এবং পরিকাঠামোগত বাস্তবতা—এই তিনের সমন্বয়েই নির্ধারিত হবে পোস্তার পণ্য রেলপথে কতটা দূর এগোতে পারে।

Related Articles