দেশ

বিমানসেবিকা বর্ষার রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়! প্রেমিকের স্ত্রীর সুপারিতেই খুন তরুণী, গ্রেফতার ৪

ডাকাতির গল্প সাজিয়েও শেষরক্ষা হল না! স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক ভাঙতে বিমানসেবিকাকে নৃশংসভাবে খুন করালেন স্ত্রী মোনা!

Truth of Bengal: মহারাষ্ট্রের গোঁদিয়ায় ইন্ডিগোর বিমানসেবিকা বর্ষা তুরকরের (৩৫) রহস্যমৃত্যুর ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। গত ১৪ নভেম্বর বন্ধু রীতেশ আগরওয়ালের সঙ্গে বন্দ্রানী জঙ্গলে নদীর ধারে বেড়াতে গিয়ে খুন হন বর্ষা। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছিল পুলিশ। তবে তদন্ত যত এগিয়েছে, ততই খুলেছে রহস্যের জট। পুলিশি তদন্তে উঠে এসেছে, বন্ধু রীতেশ নন, বরং বর্ষাকে খুনের ছক কষেছিলেন রীতেশের স্ত্রী মোনা অগরওয়াল। স্বামীর সঙ্গে বর্ষার বিবাহবহির্ভূত সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। সেই সম্পর্ক চিরতরে শেষ করতেই ভাড়াটে খুনিদের দিয়ে বিমানসেবিকা তরুণীকে খুন করান মোনা। বৃহস্পতিবারই মূল চক্রী মোনা এবং তাঁর ভাড়া করা তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দিওয়ালি উপলক্ষে ছুটি নিয়ে মহারাষ্ট্র সীমান্ত সংলগ্ন মধ্যপ্রদেশের বালাঘাট জেলার কিনহি গ্রামে বাপের বাড়িতে এসেছিলেন বিবাহিত বর্ষা। তাঁর আড়াই বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। গত ১৪ নভেম্বর, শনিবার বিকেল ৪টে নাগাদ কলেজের বন্ধু রীতেশ আগরওয়ালের সঙ্গে বন্দ্রানী জঙ্গলে নদীর ধারে বেড়াতে যান তিনি। সন্ধ্যা ৬টা নাগাদ রীতেশ বর্ষার পরিবারকে ফোন করে জানান যে তাঁরা ডাকাতের কবলে পড়েছেন এবং ডাকাতদের হামলায় বর্ষা গুরুতর জখম হয়েছেন। পরিবারের লোকজন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বর্ষাকে খাইরলানজি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর রীতেশ মুখে মাস্ক পরা ডাকাতদের হামলার গল্প ফাঁদলেও তাঁর বয়ানে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল তদন্তকারীদের। কারণ, বর্ষার পিঠে ধারালো অস্ত্রের চারটি গভীর ক্ষতচিহ্ন থাকলেও রীতেশের শরীরে সামান্য আঁচড়ের দাগও ছিল না। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তি হলে রীতেশের শরীরেও আঘাতের চিহ্ন থাকার কথা ছিল। এরপরই রীতেশকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

তদন্তে জানা যায়, বর্ষা ও রীতেশ কলেজের বন্ধু এবং দু’জনেই বিবাহিত হওয়া সত্ত্বেও তাঁদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। এই সম্পর্কের কথা জানতে পেরে প্রতিশোধ নিতে খুনের পরিকল্পনা করেন রীতেশের স্ত্রী মোনা। তাঁর নির্দেশ অনুযায়ীই ১৪ নভেম্বর সন্ধ্যায় ভাড়াটে দুষ্কৃতীরা বর্ষাকে নৃশংসভাবে খুন করে এবং পূর্বপরিকল্পনা মাফিক রীতেশের কোনও ক্ষতি না করেই এলাকা ছাড়ে।

Related Articles