পালিয়েও শেষরক্ষা হল না! এনকাউন্টারে খতম কুলগাম হামলার ‘মাস্টারমাইন্ড’ লস্কর জঙ্গি লতিফ ভাট
বুধবার সকালে কুলগামের একটি মসজিদের ভিতর তীব্র গুলিযুদ্ধের জেরে জম্মু ও কাশ্মীরের এই কুখ্যাত জঙ্গির মৃত্যু হয়
Truth of Bengal: অবশেষে অবসান ঘটল দীর্ঘ ছয় দিনের টানটান উত্তেজনার। পালিয়ে বেড়ালেও শেষরক্ষা হল না। সেনার আত্মসমর্পণের প্রস্তাব ফুৎকারে উড়িয়ে পরিশেষে নিরাপত্তাবাহিনীর গুলিতেই খতম হল মোস্ট ওয়ান্টেড লস্কর-ই-তইবা জঙ্গি লতিফ ভাট। গত ১১ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ ক্যাম্পে ভয়াবহ হামলার মাস্টারমাইন্ড ছিল এই লতিফ। বুধবার সকালে কুলগামের একটি মসজিদের ভিতর তীব্র গুলিযুদ্ধের জেরে জম্মু ও কাশ্মীরের এই কুখ্যাত জঙ্গির মৃত্যু হয়। এই সাফল্যের পরই জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, ‘তুমি পালাতে পার, কিন্তু বাঁচতে পারবে না।’
ঘটনার সূত্রপাত হয়েছিল গত ১১ নভেম্বর। সেদিন কুলগাম জেলার একটি চেকপয়েন্টে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। মোটরবাইকে চেপে এসে ক্যাম্পের ওপর এলোপাথাড়ি গুলি চালানো হয়, যাতে গুরুতর আহত হন তিনজন জওয়ান। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোয়েন্দারা নিশ্চিত হন যে, এই হামলার নেপথ্যে রয়েছে ভারতে লস্করের শেষ কমান্ডার লতিফ ও তার এক সঙ্গী। এরপর গত সোমবার লারু এলাকায় সেনা অভিযানে লতিফের সঙ্গী জঙ্গি নিসার দারের মৃত্যু হলেও, সেবার পালিয়ে যেতে সক্ষম হয়েছিল মূল চক্রী লতিফ।
লতিফের খোঁজে এরপর থেকে গোটা কুলগাম জুড়েই চিরুনি তল্লাশি শুরু করে যৌথবাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে জঙ্গলগাম গ্রামের একটি মসজিদের ভিতর তার লুকিয়ে থাকার বিষয়টি নিশ্চিত করে সেনা। নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে ভিডিও কলের মাধ্যমে লতিফের সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের আর্জি জানানো হলেও, সে তা সটান খারিজ করে দেয় এবং জানায় যে গুলির লড়াইয়ে মৃত্যুই তার কাম্য।
অবশেষে ২৩ বছরের ওই জঙ্গির ‘ইচ্ছেপূরণ’ করতে আসরে নামে বাহিনী। মসজিদের ভিতরে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হলে ভেতর থেকে পাল্টা গুলি চালাতে শুরু করে লতিফ। এরপরই জওয়ানদের জবাবি গুলিতে তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ১৮ নভেম্বর লস্কর-ই-তইবায় যোগ দেওয়া লতিফ উপত্যকার একমাত্র প্রশিক্ষিত স্থানীয় জঙ্গি ছিল এবং তার মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। একাধিক নাশকতামূলক ঘটনায় যুক্ত থাকা এই মোস্ট ওয়ান্টেড জঙ্গির নিকেশ হওয়ায় উপত্যকায় বড়সড় স্বস্তি ফিরেছে।






