রিষড়ায় মহিলাদের হাতে ছটপুজোর সামগ্রী তুলে দিল বিশ্ব হিন্দু পরিষদ
ছটপুজোর প্রাক্কালে হুগলির রিষড়ায় কয়েক হাজার মহিলার হাতে পুজোর সামগ্রী তুলে দিল বিশ্ব হিন্দু পরিষদ।
তরুণ মুখোপাধ্যায়, সৌগত রায়, হুগলি : ছটপুজো উপলক্ষে উৎসবের আবহ দেশজুড়ে। রবিবার বিকেল থেকে কঠোর নিয়ম-নিষ্ঠা মেনে সূর্যদেবের আরাধনায় সামিল হচ্ছেন কোটি কোটি ভক্ত। সূর্যাস্তের আগে গঙ্গা-সহ বিভিন্ন নদী ও জলাশয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন পুণ্যার্থীরা। সোমবার সকালে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে চারদিনের এই পুজো। পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় এই উৎসবে শামিল হন অসংখ্য মানুষ।

ছটপুজোর প্রাক্কালে হুগলির রিষড়ায় কয়েক হাজার মহিলার হাতে পুজোর সামগ্রী তুলে দিল বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের রিষড়া প্রখণ্ডের সভাপতি রাজীব কুমার সিংয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলাদের হাতে নতুন কাপড়, নারকেল, কলা, লেবু, সিঁদুর-সহ বিভিন্ন পুজোর সামগ্রী তুলে দেওয়া হয়।

রাজীব কুমার সিং জানান, প্রতি বছরই ছটপুজো উপলক্ষে ভক্তদের হাতে পুজোর সামগ্রী তুলে দেন তাঁরা। এবারও কয়েক হাজার মহিলার হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের হুগলি জেলা সম্পাদক রাজু সিং, বজরং উপেন্দ্র, হরিদাস, মোহন চতুর্বেদী, শংকর সিং, রাজু প্যাটেল, অরুণ মিশ্র, বৈভব চতুর্বেদী-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।






