হরিণঘাটার উচ্চ ক্ষমতাসম্পন্ন আধুনিক কোল্ড স্টোর টালিগঞ্জে
৩০ মেট্রিক টন উচ্চ ক্ষমতাসম্পন্ন আধুনিক কোল্ড স্টোর এর প্রকল্প মূল্য ৯৫,২০,৯৩৪ টাকা।
রাহুল চট্টোপাধ্যায়: কলকাতা তথা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলির বাজারে ‘হরিণঘাটা’-র নানান সুস্বাদু খাদ্যপণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে সর্বাধিক মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ উন্নয়ন নিগম এবার ‘হরিণঘাটা’-র বিশাল পণ্যসম্ভার নিয়ে হাজির হল সুলভ মূল্যে দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণা জেলাবাসীদের আরো বেশি এলাকা জুড়ে পরিষেবা দেওয়ার লক্ষ্যে।
বর্তমান কর্মব্যস্ত নাগরিক জীবনযাত্রা এবং প্যাকেটজাত ‘রেডী টু ইট’ খাদ্যপণ্যের বর্ধিষ্ণু চাহিদার যোগানের জন্য এবার থেকে ‘হরিণঘাটা’-র সমস্ত হিমায়িত মাংস (ফ্রোজেন) ও মাছ এবং ‘রেডী টু ইট’ আইটেমের বিশাল পণ্যসম্ভার এলাকার প্রায় ৫০০০০ ক্রেতার কাছে সংস্থার বিভিন্ন বিপনির মাধ্যমে টালিগঞ্জে চালু হতে চলা এই উচ্চ ক্ষমতাসম্পন্ন আধুনিক কোল্ড স্টোর থেকে সুলভমুল্যে উপলব্ধ হবে। এই অঞ্চলের ক্রেতারা সুলভমূল্যে পেতে পারেন ‘হরিণঘাটা’-র বিভিন্ন রসনাতৃপ্তকারী সামগ্রীর হিমায়িত প্যাকেট যথা চিকেন, খাসী, ভেড়া, কোয়েল, টার্কি, হাঁস, ককরেল, ইত্যাদির মাংস ও নানা রকমের মাছ ও মাংসজাত দ্রব্য যেমন সসেজ, নাগেটস, পপকর্ন, কাবাব, কাটলেট, ফিস ফ্রাই, মোমো ইত্যাদি।
৩০ মেট্রিক টন উচ্চ ক্ষমতাসম্পন্ন আধুনিক কোল্ড স্টোর এর প্রকল্প মূল্য ৯৫,২০,৯৩৪ টাকা। প্রকল্প অনুদান রাজ্য পরিকল্পনা বরাদ্দ ২০২৩-২৪ এর অন্তর্গত। প্রত্যক্ষ ভাবে ৩২ ও পরোক্ষভাবে ৮৮০ জন এর কর্ম সংস্থান হবে বলে নিগমের ম্যানেজিং ডিরেক্টর ডা. উৎপল কর্মকার জানিয়েছেন। তিনি আরও জানান কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় নিগমের ‘হরিণঘাটা মিট’ ইতিমধ্যেই রসনাপ্রিয় বাঙালীর কাছে যথেষ্ট খ্যাতি ও সমাদর লাভ করেছে। ব্যবসার ব্যাপ্তি ও বাজার-চাহিদার কথা মাথায় রেখে এবং আরও ব্যাপকভাবে প্রসারের জন্য নিগমের এই বিশেষ সংযোজন উচ্চ ক্ষমতাসম্পন্ন আধুনিক কোল্ড স্টোর। বর্তমানে কলকাতা সহ বিভিন্ন প্রান্তে এইরকম ১০ টি কোল্ড স্টোর চালু আছে।
টালিগঞ্জের এই প্রকল্প চালু হলে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এই নিগমের কোল্ড স্টোরের সংখ্যা ১১ টি হবে। এই নিগমের নিজস্ব আউটলেট, সরকারি কিওস্ক্ ও বিভিন্ন অনুমোদিত ফ্রাঞ্চাইজি পয়েন্ট মিলিয়ে ৮২২ টি আউটলেট চালু আছে যা এক বিপুল কর্মসংস্থানের সুযোগ এনে দিয়েছে, যেখানে ২০১০-২০১১ সালে এই আউটলেটের সংখ্যা ছিল মাত্র ৬টি। এই পর্বে ‘হরিণঘাটা মিট’ কে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে রাজ্যের প্রাণিসম্পাদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ, ক্রীড়া ও যুব কল্যাণ এবং বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস ওই প্রকল্পের উদ্বোধন করেন । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিধায়ক ও কলকাতা পৌর সংস্থার মেয়র পারিষদ দেবব্রত মজুমদার।






