কলকাতা পুরভোটে হাই কোর্টের স্থগিতাদেশ, এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার উদ্যোগ নেয় নতুন সরকার।
Truth of Bengal: কলকাতা পুরভোট নিয়ে আইনি জটিলতা ক্রমশ বাড়ছে। কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। শুক্রবার শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার উদ্যোগ নেয় নতুন সরকার। শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল বিরোধীরা। বিষয়টি আদালতে পৌঁছলে কলকাতা হাই কোর্ট জানিয়ে দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোট করা যাবে না। ফলে নভেম্বরের শেষদিকে নির্বাচন হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা আপাতত অনিশ্চিত।
এদিকে কলকাতা ও হাওড়ার নাগরিক পরিষেবা সচল রাখতে আগামী ১ ডিসেম্বর থেকে প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বিজেপির প্রতিনিধিরাই এই দায়িত্ব সামলাবেন। অন্যদিকে, হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও শুক্রবার কলকাতা হাই কোর্টে নতুন মামলা দায়ের হয়েছে।
এবার সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনের দিকে নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের। শীর্ষ আদালতের সিদ্ধান্তের উপরই অনেকটা নির্ভর করছে কলকাতা পুরভোটের ভবিষ্যৎ।


