পুলিশকে হুমকি দেওয়ার মামলা, এবার অভিষেককে থানায় তলব! বাড়িতে পৌঁছল নোটিস
পুলিশ সূত্রে খবর, অভিষেকের বাড়ির তরফে ওই নোটিস গ্রহণ করা হয়েছে
Truth of Bengal: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় নতুন করে আইনি জটিলতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে হাজিরার নোটিস দিল গিরিশ পার্ক থানার পুলিশ। আগামী ২০ নভেম্বর তাঁকে থানায় হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিষেকের বাড়ির তরফে ওই নোটিস গ্রহণ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ২৯ অক্টোবর। সেদিন সংবাদমাধ্যমের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। পাশাপাশি, সরকার বদল হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়। এরপরই ৩১ অক্টোবর অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় এফআইআর দায়ের করেন এক মহিলা। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া সেই মামলার তদন্তেই এবার সাংসদকে তলব করা হল। শুক্রবার সন্ধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিস পৌঁছে দেন পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ নভেম্বর দুপুর ১টায় গিরিশ পার্ক থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে। সেখানে তাঁকে পুলিশকে হুমকি সংক্রান্ত অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পুলিশের এই তলবে সাড়া দিয়ে নির্দিষ্ট দিনে থানায় হাজির হন কি না তৃণমূল সাংসদ। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা আদালতে বিচারাধীন। তার মধ্যেই নতুন করে পুলিশি নোটিস ঘিরে তাঁর আইনি পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এবার ২০ নভেম্বরের হাজিরা ঘিরে কী অবস্থান নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেদিকেই নজর।






