অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার! গুঁড়িয়ে দেওয়া হল অস্থায়ী কাঠামো
অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সকাল থেকেই কালীঘাট রোডে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
Truth of Bengal: অবশেষে আশঙ্কাই সত্যি হল! বৃহস্পতিবার সকালেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে শুরু হল বুলডোজার অভিযান। ফুটপাথ দখল করে তৈরি করা বাঁশের অস্থায়ী কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। সরিয়ে দেওয়া হয় ফুটপাথ আটকে রাখা লোহার গেটও। পাশাপাশি পুরসভা ও পুলিশের উপস্থিতিতে সরানো হয়েছে অস্থায়ী পুলিশ কিয়স্ক।
অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সকাল থেকেই কালীঘাট রোডে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। উপস্থিত ছিলেন পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরাও। গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হয় লোহার গেট। শুরু থেকে শেষ পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে চলে উচ্ছেদ অভিযান।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে তাঁর বাড়ির সামনে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন খোদ সাংসদও। শনিবার সকালেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা ফুটপাথ আটকে অস্থায়ী ছাউনি ও গেট তৈরি হওয়ায় যাতায়াতে সমস্যার অভিযোগ তোলেন।
এরপরই বিষয়টি নিয়ে সক্রিয় হয় পুলিশ ও পুরসভা। বুধবার সন্ধ্যায় অভিষেকের বাড়িতে পৌঁছয় পুলিশ। বুলডোজার অভিযানের আশঙ্কায় তাঁর অনুগামীরা অস্থায়ী ছাউনি খোলার কাজ শুরু করেন। তবে সেই কাজ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার সকালে পুরসভা ও পুলিশের আধিকারিকরা বুলডোজার নিয়ে পৌঁছে যান। শুরু হয় উচ্ছেদ অভিযান।






