প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব? আত্মজীবনীতে বিস্ফোরক দাবি সোনিয়ার!
সোনিয়া জানিয়েছেন, তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে প্রণবের মতবিরোধ ছিল।
Truth of Bengal: সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’ প্রকাশ্যে আসতেই জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এই বইয়ে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এবার বইয়ের পাতায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়েও বিস্ফোরক দাবি করেছেন সোনিয়া। তাঁর দাবি, ২০১০ সালে একবার নিজের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার কথা কার্যত বুঝিয়ে দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়।
সোনিয়া জানিয়েছেন, তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে প্রণবের মতবিরোধ ছিল। সেই নিয়ে একবার তাঁর কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রণব। কথোপকথনের মাঝেই তিনি শীর্ষ পদে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন। সোনিয়ার দাবি, প্রণবের কথার ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি তাঁর। আসলে প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথাই বোঝাতে চেয়েছিলেন প্রণব। তবে পরিস্থিতি সামাল দিতে তিনি ধীরে ধীরে কথার প্রসঙ্গ বদলে দেন। এতে প্রণব কিছুটা অসন্তুষ্ট হলেও তা প্রকাশ করেননি।
এর ঠিক দু’বছর পর, ২০১২ সালে কংগ্রেসের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয় প্রণব মুখোপাধ্যায়কে। নির্বাচনে জয়ী হয়ে দেশের রাষ্ট্রপতি হন তিনি। সোনিয়া জানিয়েছেন, রাষ্ট্রপতি হওয়ার পরেও প্রণবের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। প্রায়ই তাঁর সঙ্গে দেখা করতেন এবং রাজনীতি ও নানা বিষয়ে আলোচনা করতেন।
এদিকে, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ সরকারের আমলে মনমোহন সিংয়ের পরিবর্তে সোনিয়া গান্ধীই কার্যত সরকার পরিচালনা করতেন বলে দীর্ঘদিন অভিযোগ করে এসেছে বিরোধীরা। এবার সেই অভিযোগেরও জবাব দিয়েছেন কংগ্রেস নেত্রী। তাঁর দাবি, এই ধরনের প্রচারের কিছু অংশ মনমোহন সিংয়ের ঘনিষ্ঠ মহলের লোকজনের কাছ থেকেও ছড়িয়েছিল।
সোনিয়ার কথায়, সবচেয়ে বেশি আঘাত দিয়েছিল সরকারের বাইরে থেকেও সরকারি নথি দেখার এবং প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগ। তিনি জানিয়েছেন, নিয়ম মেনে চলার বিষয়ে তিনি বরাবরই সতর্ক ছিলেন। ইউপিএ সরকারের সময়েও তার ব্যতিক্রম হয়নি।
আত্মজীবনীতে সোনিয়া আরও জানিয়েছেন, পরবর্তীকালে মনমোহন সিংয়ের এক প্রাক্তন সহযোগীর লেখা বইয়েও এই অভিযোগগুলি ফের তুলে ধরা হয়েছিল। তবে কংগ্রেস সভাপতি হিসেবে সরকারের নীতিগত বিষয়ে মতামত দেওয়া বা পরামর্শ দেওয়ার অধিকার তাঁর ছিল। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সম্মান জানানোই ছিল তাঁর দায়িত্ব। ইউপিএ সরকারের নেপথ্যে তিনিই আসল চালিকাশক্তি ছিলেন, এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন সোনিয়া।






