দেশ

Bride Runs Away: বিয়ের আসরে এ কী কাণ্ড! মালাবদলের পরেই বরকে ফেলে প্রেমিকের সঙ্গে পালাল কনে

শনিবার রাতের এই 'নাটকীয় ক্লাইম্যাক্স' মুহূর্তে কার্যত হাসির খোরাক জুগিয়েছে স্থানীয়দের।

Truth of Bengal: বিয়েবাড়িতে মালাবদলের পালা শেষ, এবার শুধু সাত পাকের অপেক্ষা। ঠিক এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে কনে নাকি সোজা বাসর ঘর থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছে! এই অভাবনীয় ঘটনায় উন্নাওয়ের পুরওয়া এলাকার একটি গ্রামে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার রাতের এই ‘নাটকীয় ক্লাইম্যাক্স’ মুহূর্তে কার্যত হাসির খোরাক জুগিয়েছে স্থানীয়দের। পুলিশ সূত্রে খবর, অজয়পুর গ্রামে বরের বরযাত্রী দল নির্দিষ্ট সময়ে পৌঁছেছিল। দু’পক্ষ প্রথাগত ‘দ্বারাচার’ সহ অন্যান্য প্রাথমিক আচার অনুষ্ঠান হাসিমুখে সম্পন্ন করে। এরপর মঞ্চে বরের গলায় মালা পরিয়ে দেন কনে। কিন্তু এই মালাবদলই সম্ভবত ছিল তাঁর শেষ আনুষ্ঠানিক কর্তব্য।

মালাবদলের পরই কনে সামান্য বিশ্রামের নাম করে নিজের ঘরে চলে যান। এদিকে বরের পরিবার যখন ‘শুভদৃষ্টি’ এবং অন্যান্য আয়োজনে ব্যস্ত, তখনই ছন্দপতন। শুভক্ষণের জন্য কনেকে ডাকতে গিয়েই দেখা যায়, তিনি ঘরে নেই! চারিদিকে খোঁজ শুরু হতেই জানা যায়, কনে গ্রামেরই এক যুবকের সঙ্গে পালিয়েছেন। এই খবর চাউর হতেই দুই পরিবারের মধ্যে শুরু হয়ে যায় তুমুল বাদানুবাদ। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, উত্তেজনা যখন চরমে, তখন কনের বাবা সরাসরি সেই যুবককে ফোন করেন। আর সেই ফোনের সুযোগেই কনে নিজেই কথা বলেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি তাঁর প্রেমিককেই বিয়ে করতে চান এবং তাঁর সঙ্গেই জীবন কাটাবেন। কনের এমন সরাসরি ঘোষণায় হতবাক হয়ে যায় দুই পরিবারই। শেষ পর্যন্ত বিনা কনেই বরপক্ষকে বাড়ি ফিরতে হয়।

এই নাটকীয় ঘটনার পর কনের বাবা পুরওয়া থানায় সেই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এক বরিষ্ঠ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনা আপাতত গোটা এলাকায় মুখে মুখে ফিরছে, আর বিয়েবাড়ির এমন সমাপ্তিতে হাসির রোল থামছে না গ্রাম জুড়ে।

Related Articles