বিনোদন

‘বিগ বস’ কি সত্যিই স্ক্রিপ্টেড? বহুদিনের জল্পনার মোক্ষম জবাব দিলেন শিলাজিৎ

বহু দর্শকের মনে একটি প্রশ্ন বারবারই ঘুরপাক খায়—বিগ বসের ঘরের ঘটনাগুলি কি আগে থেকেই ঠিক করা থাকে?

Truth of Bengal: বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শোগুলোর মধ্যে এখন দর্শকের অন্যতম আকর্ষণ ‘বিগ বস বাংলা’। তৃতীয় সিজন ঘিরে উত্তেজনা তুঙ্গে। ঘরের ভিতরে কে কার সঙ্গে বন্ধুত্ব করছেন, কার সঙ্গে ঝামেলা বাঁধছে, কোন সম্পর্কে আসছে নতুন মোড়—সবকিছু নিয়েই দর্শকের আগ্রহ তীব্র। তবে এরই মধ্যে বহু দর্শকের মনে একটি প্রশ্ন বারবারই ঘুরপাক খায়—বিগ বসের ঘরের ঘটনাগুলি কি আগে থেকেই ঠিক করা থাকে? অর্থাৎ, পুরো বিষয়টাই কি স্ক্রিপ্টেড? এই প্রশ্নেরই উত্তর দিলেন ‘বিগ বস বাংলা’র দ্বিতীয় সিজনের প্রতিযোগী তথা সংগীতশিল্পী শিলাজিৎ মজুমদার। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলাজিৎ স্পষ্ট জানান, বিগ বসের মতো একটি অনুষ্ঠান সম্পূর্ণ স্ক্রিপ্টেড হওয়া তাঁর কাছে কার্যত অসম্ভব বলেই মনে হয়। তাঁর কথায়, “বিগ বসের মতো অনুষ্ঠান কখনও স্ক্রিপ্টেড হতেই পারে না।”

নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন গায়ক। শিলাজিতের মতে, এমন একটি বাড়িতে দিনের পর দিন থাকতে হয় যেখানে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ প্রায় নেই, আলাদা কোনও বিনোদনের ব্যবস্থাও নেই। তার উপর এমন বহু মানুষের সঙ্গে একসঙ্গে থাকতে হয়, যাঁদের হয়তো ব্যক্তিগতভাবে পছন্দই করেন না প্রতিযোগীরা। তিনি বলেন, “একটা বাড়িতে আপনি এমন কিছু মানুষের সঙ্গে প্রতিনিয়ত থাকছেন যাঁদের হয়তো পছন্দ করেন না। দিনের শেষে তাঁদের সঙ্গেই কথা বলতে হচ্ছে, তাঁদের সঙ্গেই ঘুমোতে হচ্ছে। এই পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়াকে স্ক্রিপ্টেড বলা খুব কঠিন।” তবে দ্বিতীয় সিজনের প্রতিযোগী হলেও তৃতীয় সিজন নিয়মিত দেখা হয়ে উঠছে না শিলাজিতের। কাজের ব্যস্ততার কারণেই প্রতিদিন অনুষ্ঠান দেখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। অবশ্য সোশ্যাল মিডিয়ার যুগে বিগ বসের ঘরের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি তাঁর নজর এড়াচ্ছে না। ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ছোট ছোট রিল ও ক্লিপ দেখেই চলতি সিজনের আপডেট রাখছেন তিনি।

এদিকে তৃতীয় সিজনে নতুন করে আলোচনার কেন্দ্রে রাজবীর, নন্দিনী এবং অনুষ্কার সম্পর্কের সমীকরণ। সাম্প্রতিক প্রোমোয় রাজবীরের সঙ্গে ঝামেলার পর নন্দিনীকে কাঁদতে দেখা গিয়েছে। এর মধ্যেই অনুষ্কার এন্ট্রি নতুন জল্পনা উসকে দিয়েছে। এর আগে ওয়াইল্ড কার্ড এন্ট্রির পর সৃজলার সঙ্গে রাজবীরের ফ্লার্টিং নজর কেড়েছিল। পরে নন্দিনীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও শুরু হয় আলোচনা। এবার অনুষ্কার আগমনে সেই সম্পর্কের সমীকরণ ফের বদলায় কি না, সেটাই এখন দর্শকের নতুন কৌতূহল।

Related Articles