তাজপুর নয়, এবার দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর! শুরু সমুদ্রের গভীরতা মাপার কাজ
এই কাজের দায়িত্বে রয়েছে খড়গপুর আইআইটি
Truth of Bengal: পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় গভীর সমুদ্রবন্দর তৈরির উদ্যোগে এবার গতি আসতে শুরু করেছে। মন্দারমণি সংলগ্ন দাদনপাত্রবাড়ে প্রস্তাবিত বন্দরের প্রাথমিক কাজ হিসেবে সমুদ্রের গভীরতা পরিমাপ এবং প্রযুক্তিগত সমীক্ষা শুরু হয়েছে। এই কাজের দায়িত্বে রয়েছে খড়গপুর আইআইটি। জমির সমস্যার কারণে তাজপুরের পরিবর্তে প্রায় ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড়কে নতুন বন্দর নির্মাণের জায়গা হিসেবে বেছে নিয়েছে রাজ্য সরকার। সেখানে লবণ কারখানার প্রায় ১,৭০০ একর সরকারি জমি থাকায় বন্দর তৈরির জন্য এই এলাকাকে উপযুক্ত বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর তৈরির কথা ঘোষণা করার পর থেকেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই সমুদ্রের গভীরতা মাপা এবং মাটির প্রকৃতি পরীক্ষা করার কাজ শুরু করেছে খড়গপুর আইআইটি। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সিইও ধুমাল প্রতীক অশোক জানিয়েছেন, একটি সংস্থার মাধ্যমে খড়গপুর আইআইটিকে দিয়ে সমুদ্রের গভীরতা পরিমাপের কাজ করানো হচ্ছে। বন্দরের উপযুক্ত পরিকাঠামো তৈরির ক্ষেত্রে এই সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনা নিয়েছিল আগের তৃণমূল সরকার। প্রকল্প ঘিরে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত বাস্তবে বন্দর নির্মাণের কাজ এগোয়নি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, তাজপুরের পরিবর্তে মন্দারমণি পর্যটনকেন্দ্রের কাছে দাদনপাত্রবাড় মৌজায় তৈরি হবে গভীর সমুদ্রবন্দর। জমির সহজলভ্যতা এবং সরকারি জমির পরিমাণ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নতুন করে সমীক্ষার কাজ শুরু হওয়ায় আশাবাদী স্থানীয় বাসিন্দারাও। তাঁদের আশা, দীর্ঘদিনের বন্দর প্রকল্প এবার বাস্তবায়িত হলে পূর্ব মেদিনীপুরের অর্থনৈতিক ছবিতে বড় পরিবর্তন আসবে। শিল্প ও বাণিজ্যের প্রসারের পাশাপাশি এলাকার পরিকাঠামোগত উন্নয়নও ত্বরান্বিত হতে পারে। বন্দর তৈরি হলে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের পটাশপুর বাজারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তাজপুর বন্দর প্রকল্প নিয়েও সরব হন শিশির অধিকারী। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনবার তাঁকে ও শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মোমবাতি জ্বালিয়ে বন্দর প্রকল্পের উদ্বোধন করেছিলেন। কিন্তু এত উদ্যোগ সত্ত্বেও বাস্তবে নির্মাণকাজ শুরু হয়নি। তাঁর দাবি, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য উদ্যোগী হয়েছে।


