পুজোর আগে বন্ধ হয়েছিল ৭০টি খাবারের দোকান, এবার ৪৮টিকে ব্যবসা শুরুর ছাড়পত্র কলকাতা পুরসভার
খাবারের গুণমান, পরিচ্ছন্নতা এবং খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় ত্রুটি সংশোধন করার পরই এই ছাড়পত্র দেওয়া হয়েছে
Truth of Bengal: খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে পুজোর আগে কলকাতার একাধিক নামী রেস্তরাঁ, হোটেল ও মিষ্টির দোকানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছিল কলকাতা পুরসভা। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে মোট ৭০টি খাবারের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এবার সেই তালিকার ৪৮টি প্রতিষ্ঠানকে ফের ব্যবসা শুরু করার অনুমতি দিল পুরসভা। খাবারের গুণমান, পরিচ্ছন্নতা এবং খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় ত্রুটি সংশোধন করার পরই এই ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে এখনও চলছে তদন্ত।
পুজোর আগে শহরের বিভিন্ন প্রান্তে রেস্তরাঁ, হোটেল ও মিষ্টির দোকানে অভিযান চালিয়েছিলেন পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা। সেই সময় একাধিক প্রতিষ্ঠানে খাবারের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। কোথাও খাবার ও রান্নার উপকরণ অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল, আবার কোথাও দেখা যায় চরম অপরিচ্ছন্নতা। খাদ্য সুরক্ষা সংক্রান্ত বিধি না মানার অভিযোগে মোট ৭০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পুরসভা সূত্রে খবর, ওই ৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২টি হোটেল ও রেস্তরাঁর ফুড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। অন্যদিকে, বাকি ২৮টি দোকানের ফুড রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল বা স্থগিত রাখা হয়। একইসঙ্গে জানানো হয়েছিল, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি নিজেদের ভুল সংশোধন করে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারলে পুনরায় ব্যবসা চালুর অনুমতি দেওয়া হবে।
এরপর পুরসভার নির্দেশ মেনে নিজেদের পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থায় পরিবর্তন আনেন একাধিক দোকান কর্তৃপক্ষ। পরিচ্ছন্নতা বজায় রাখা, খাবার তৈরির উপকরণ সঠিকভাবে সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি মেনে রান্নার ব্যবস্থা করার পর ফের লাইসেন্সের জন্য আবেদন করেন তাঁরা। সেই আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট দোকানগুলিতে পরিদর্শনে যান পুরসভার ফুড সেফটি অফিসাররা। পরিদর্শনের সময় খাবারের মান, রান্নার জায়গার পরিচ্ছন্নতা, খাদ্য সংরক্ষণের পদ্ধতি এবং অন্যান্য স্বাস্থ্যবিধি খতিয়ে দেখা হয়। সমস্ত বিষয় সন্তোষজনক মনে হওয়ায় ৪৮টি প্রতিষ্ঠানকে ফের ব্যবসা শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, স্থগিত হওয়া ফুড লাইসেন্সের মধ্যে ৩১টি এবং ফুড রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে ১৭টি পুনরায় চালু করার অনুমোদন মিলেছে। অর্থাৎ, মোট ৪৮টি দোকান ও প্রতিষ্ঠান আবার পরিষেবা দিতে পারবে। তবে বাকি ২২টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখনও পরিদর্শন ও ত্রুটি সংশোধনের বিষয়টি খতিয়ে দেখছেন আধিকারিকরা। কলকাতা পুরসভার স্পষ্ট বার্তা, ব্যবসায়ীদের পাশে থাকলেও জনস্বাস্থ্যের প্রশ্নে কোনওরকম আপস করা হবে না। খাদ্য সুরক্ষার সমস্ত নিয়ম মেনে যাঁরা ব্যবসা করতে চান, তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তবে নিয়ম ভাঙলে ভবিষ্যতেও একইভাবে কড়া পদক্ষেপ করা হবে। ফলে শহরের খাবারের দোকানগুলির উপর নজরদারি যে আরও জোরদার হতে চলেছে, তা কার্যত স্পষ্ট।






