কলকাতা

বইপ্রেমীদের জন্য সুখবর! চালু হল আন্তর্জাতিক কলকাতা বইমেলার অফিসিয়াল পোর্টাল

বিশ্বজুড়ে বাঙালি তথা বইপ্রেমীদের সবচেয়ে পছন্দের উৎসব ‘আন্তর্জাতিক কলকাতা বইমেলা’

Truth of Bengal: বিশ্বজুড়ে বাঙালি তথা বইপ্রেমীদের সবচেয়ে পছন্দের উৎসব ‘আন্তর্জাতিক কলকাতা বইমেলা’ (International Kolkata Book Fair)। মেলাকে আরও আধুনিক, সুসংগঠিত এবং প্রযুক্তিপ্রেমী পাঠকদের নাগালের মধ্যে পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা পালন করছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। ১৫ বছরের তৃণমূল জমানার অস্বচ্ছতা বা কারচুপি নয়, বরং বর্তমান বিজেপি সরকারের আমলে নয়া অ্যাডভাইসরি বোর্ডের অধীনে স্বচ্ছতার সঙ্গে আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে পরিচালনা করার জন্য নয়া অফিসিয়াল ডিজিটাল পোর্টালটি (ikbf2027.org) এখন তথ্য ও বিভিন্ন পরিষেবা নিয়ে পাঠকদের সামনে হাজির।

কলকাতা বইমেলা কেবল এশিয়ার সর্ববৃহৎ বই প্রদর্শনীই নয়, এটি বিশ্বব্যাপী বইপ্রেমী, সাহিত্যিক এবং প্রকা‌শকদের মিলনক্ষেত্র। প্রতি বছর কারুণ্য ও সাহিত্যের এই মহাঅধিবেশনে লাখ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে। ডিজিটাল যুগে প্রবেশ করে এই বিপুল জনসমাগম এবং মেলার গতিবিধি সহজতর করতেই বিশেষ ওয়েব পোর্টালটির সূচনা করা হয়েছে। বিগত সরকারের আমলের শুধুমাত্র কয়েকজনের একাধিপত্য নয়, বরং সমাজের সকল স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি রয়েছে এবারের অ্যাডভাইসরি বোর্ডে।

বোর্ডের প্রকাশনী পরিচালনার দায়িত্বে রয়েছেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী আর্যেশানন্দ, ভারত সেবাশ্রম সংঘের স্বামী সারস্বতানন্দ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের প্রতিনিধি হিসাবে রয়েছেন, দেবজ্যোতি দত্ত, অনিল আচার্য, মিলিন্দ দে, রাজকুমার বর্মণ, সমাজসেবী তনুজা চক্রবর্তী, দেশের ডাকের সম্পাদক তথা আইনজীবী দেবজিৎ সরকার, সমাজসেবী সপ্তর্ষী চৌধুরি, শিক্ষিকা অফেলিয়া সিংহ, আহ্বায়ক প্রসেনজিৎ বক্সি, অরিন্দম ভট্টাচার্য-সহ আরও অনেকে।

পোর্টালে কী কী বিশেষ সুবিধা থাকছে?

১. স্টল ম্যাপ ও নেভিগেশন: সেন্ট্রাল পার্ক (বইমেলা প্রাঙ্গণ)-এর বিশাল চত্বরে প্রিয় লিটল ম্যাগাজিন বা স্বনামধন্য প্রকাশনীর স্টল খুঁজে পাওয়া এখন অনেক সহজ। পোর্টাল থেকে খুব সহজেই স্টল নম্বর এবং ম্যাপ ডাউনলোড ও দেখা যাবে।

২. দৈনন্দিন অনুষ্ঠানসূচি: মেলা প্রাঙ্গণে আয়োজিত সেমিনার, সাহিত্য সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশ-বিদেশের বিশিষ্ট লেখকদের সময়সূচির আপডেট থাকবে ওয়েবসাইটে।

৩. আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের তথ্য: প্রতি বছরই কলকাতা বইমেলায় একটি নির্দিষ্ট ‘ফোকাল থিম কান্ট্রি’ বা থিম কান্ট্রি থাকে। সেই দেশের সাহিত্য, সংস্কৃতি এবং আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের তালিকা এই পোর্টাল থেকে সরাসরি দেখা সম্ভব।

৪. অনলাইন গাইডলাইন ও নোটিস: নতুন ও পুরনো প্রকাশকদের জন্য প্রয়োজনীয় গাইডলাইন, ফর্ম, নোটিসের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের মেলায় পৌঁছানোর রুট ম্যাপ সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা পোর্টালে তুলে ধরা হয়েছে।

প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে আন্তর্জাতিক কলকাতা বইমেলার এই পোর্টালটি ডিজিটাল মাধ্যমে বিশ্বব্যাপী কোটি কোটি বইপ্রেমীর কাছে বইমেলার আবেদনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।