দেশ

ভারত সফরে উইলিয়াম-কেট! মুম্বই থেকে তাজমহল, কাজিরাঙাতেও যাওয়ার পরিকল্পনা

সোমবার মুম্বইয়ের ঐতিহ্যবাহী গলি ক্রিকেটের মাধ্যমে সফর শুরু করবেন উইলিয়াম ও কেট।

Truth of Bengal: তিন দিনের ভারত সফরে আসছেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম এবং ওয়েল্‌সের যুবরানি ক্যাথরিন (কেট)। ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তাঁদের সফরের মূল কেন্দ্র মুম্বই। ষষ্ঠ বার্ষিক ‘আর্থশট প্রাইজ’ সম্মেলন ও পরিবেশরক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ক্রিকেট, গণপরিবহণ এবং ভারতীয় চলচ্চিত্র জগতের একাধিক কর্মসূচিতেও অংশ নেবেন রাজদম্পতি।

সোমবার মুম্বইয়ের ঐতিহ্যবাহী গলি ক্রিকেটের মাধ্যমে সফর শুরু করবেন উইলিয়াম ও কেট। এরপর মুম্বই মেট্রোয় যাত্রা করে পরিবেশবান্ধব গণপরিবহণের গুরুত্ব তুলে ধরবেন তাঁরা। ভারত ও ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করাও এই সফরের অন্যতম উদ্দেশ্য।

মঙ্গলবার ‘আর্থশট প্রাইজ’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের সঙ্গে দেখা করবেন যুবরাজ উইলিয়াম। একই দিন ‘মিউজিয়াম অফ সলিউশনস’-এ শিশুদের জন্য আয়োজিত ‘চিলড্রেনস আর্থশট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে যোগ দেবেন উইলিয়াম ও কেট। সন্ধ্যায় মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশরক্ষায় বিশেষ অবদানের জন্য পাঁচ জয়ীর হাতে ১০ লক্ষ পাউন্ড করে পুরস্কার তুলে দেওয়া হবে।

বুধবার পরিবেশরক্ষা ও ঐতিহ্যবাহী হস্তশিল্পের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানে যাবেন রাজদম্পতি। পাশাপাশি মুম্বইয়ের একটি হাসপাতালও পরিদর্শন করবেন তাঁরা। ভারতীয় চলচ্চিত্রশিল্পের আন্তর্জাতিক প্রভাব তুলে ধরতে ধর্মা প্রোডাকশনের দপ্তরেও যাওয়ার কথা রয়েছে তাঁদের।

সূত্রের খবর, মুম্বইয়ের কর্মসূচি শেষ করে দিল্লিতে তাজমহল দর্শন এবং অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানেও যেতে পারেন উইলিয়াম-কেট। তবে দিল্লি ও অসম সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।