রাজ্যের খবর

মেন লাইনে ওঠার মুখেই বিপত্তি! বালুরঘাটে লাইনচ্যুত ভাতিন্দা এক্সপ্রেস

ঘটনায় কোনও হতাহতের খবর নেই

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: বড়সড় বিপত্তি এড়াল বালুরঘাট স্টেশন। সোমবার সকালে সিক লাইন থেকে মেন লাইনে ওঠার সময় লাইনচ্যুত হল বালুরঘাট-ভাতিন্দা এক্সপ্রেসের ইঞ্জিন। ঘটনায় স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায়। লাইনচ্যুত ইঞ্জিন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বালুরঘাট স্টেশনের রেল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বালুরঘাট স্টেশন থেকে ট্রেনটির রওনা হওয়ার কথা ছিল। সেই মতো সকালে সিক লাইনে ট্রেনটিকে প্রস্তুত করা হচ্ছিল।

পরে মেন লাইনে আনার সময় আচমকাই ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রাথমিক ভাবে রেল কর্তৃপক্ষের একাংশের অনুমান, প্রচণ্ড গরমের জেরে রেললাইন সম্প্রসারিত হয়ে যাওয়ার কারণে এই বিপত্তি ঘটে থাকতে পারে। যদিও লাইনচ্যুত হওয়ার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে রেলের তরফে তদন্ত শুরু হয়েছে।ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও ঘটনার কথা জানানো হয়েছে।

লাইনচ্যুত ইঞ্জিনটিকে দ্রুত সরিয়ে রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।তার জন্য রিকভারি ক্রেন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।ইঞ্জিনটি সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত মেন লাইনে ট্রেন চলাচলে প্রভাব পড়তে পারে বলে রেল সূত্রে খবর।এদিকে, বিকেলে নির্ধারিত সময় অনুযায়ী বালুরঘাট থেকে ভাতিন্দা এক্সপ্রেস ছাড়বে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করছে। ট্রেনটি নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Related Articles