দেশ

রেল স্টেশন নোংরা করলেই চরম বিপদ! জরিমানার অঙ্ক বেড়ে ১০০০ টাকা

২০১২ সালের বিধি অনুযায়ী স্টেশন বা ট্রেন নোংরা করার জন্য সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা করা হত

Truth of Bengal: রেলস্টেশন বা ট্রেনের ভিতরে থুতু ফেলা, পানের পিক ছিটিয়ে নোংরা করা কিংবা যত্রতত্র আবর্জনা ফেললে এবার গুনতে হবে আরও বেশি জরিমানা। রেল চত্বর পরিষ্কার রাখতে জরিমানার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। নতুন নিয়মে ঘটনাস্থলেই জরিমানা হতে পারে ১ হাজার টাকা। আর জরিমানা দিতে অস্বীকার করলে আদালতে গিয়ে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত আর্থিক শাস্তির মুখে পড়তে হতে পারে। রেল মন্ত্রকের তরফে গত ২৪ আগস্ট সরকারি গেজেটে সংশোধিত নিয়ম প্রকাশ করা হয়েছে। এর আগে ২০১২ সালের বিধি অনুযায়ী স্টেশন বা ট্রেন নোংরা করার জন্য সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা করা হত। এবার সেই অঙ্ক বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট ডাস্টবিন বা আবর্জনা ফেলার জায়গা ছাড়া স্টেশন, প্ল্যাটফর্ম কিংবা ট্রেনের কামরায় ময়লা ফেললে জরিমানা করা যাবে। একই ভাবে স্টেশন চত্বরে থুতু ফেলা, প্রস্রাব বা মলত্যাগ, স্নান করা, রান্না করা, কাপড় বা বাসন ধোয়া এবং গাড়ি পরিষ্কার করাও নিষিদ্ধ। পশু বা পাখিকে যত্রতত্র খাবার দেওয়ার ক্ষেত্রেও নিয়মভঙ্গের অভিযোগ উঠতে পারে। শুধু নোংরা করাই নয়, রেলের সম্পত্তি বিকৃত করার বিরুদ্ধেও কড়া অবস্থান নেওয়া হয়েছে। স্টেশন বা ট্রেনে অনুমতি ছাড়া পোস্টার লাগানো, দেওয়াল লিখন, ছবি আঁকা কিংবা মার্কার দিয়ে নাম বা অন্য কিছু লিখলে শাস্তির মুখে পড়তে হতে পারে। কোনওভাবেই রেলের সম্পত্তির সৌন্দর্য বা কাঠামো নষ্ট করা যাবে না বলে স্পষ্ট করা হয়েছে।

স্টেশন চত্বরে যাঁরা খাবার বা অন্য সামগ্রী বিক্রি করেন, তাঁদেরও নির্দিষ্ট ডাস্টবিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নিয়ম না মানলেও ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এই জরিমানা আদায়ের ক্ষমতা থাকছে স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজার, টিকিট পরীক্ষক, পরিচালন বিভাগের সমমর্যাদার আধিকারিক এবং রেল কর্তৃপক্ষের অনুমোদিত অন্য আধিকারিকদের হাতে। ঘটনাস্থলে জরিমানা দিতে অস্বীকার করলে অভিযুক্তকে আদালতে পেশ করা হতে পারে। রেলের বক্তব্য, যাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে দায়িত্ববোধ বাড়ানো এবং ট্রেন ও স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে এবার স্টেশন বা ট্রেনে পানের পিক ফেলার আগে দু’বার ভাবতেই হবে।

Related Articles