রাজ্যের খবর

“কথা কম, কাজ বেশি!”, জন্মদিনে বাংলার ‘অন্নপূর্ণা’দের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর!

মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি পূরণ বিজেপির! অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলাদের আত্মবিশ্বাস বাড়ার চাবিকাঠি দিলেন মোদি

Truth of Bengal: আজ ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। শুভ এই দিনটিতেই রাজ্যজুড়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে ‘অন্নপূর্ণা দিবস’। বৃহস্পতিবার কলকাতার সল্টলেক বইমেলা প্রাঙ্গণে আয়োজিত হয় এক মেগা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক শীর্ষ নেতা-মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকেরা সশরীরে উপস্থিত ছিলেন। আর এই বিশেষ মঞ্চ থেকেই ভার্চুয়ালি যোগ দিয়ে রাজ্যের কোটি কোটি মহিলার উদ্দেশে এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতীতে বঙ্গ রাজনীতির অন্যতম চর্চিত বিষয় ‘কাটমানি’ ইস্যু টেনে এনে মোদি স্পষ্ট ঘোষণা করেন, “বিজেপি সরকার আসার পর বাংলায় প্রশাসনিক সততা ফিরে এসেছে, এখন আর বাংলায় ১ টাকাও কাটমানি লাগে না।”

উল্লেখ্য, রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে রাজ্যের নারীদের আর্থিক স্বাবলম্বিতার জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। ছাব্বিশের নির্বাচনে বাংলায় পরিবর্তনের পর কথা রেখেছে শুভেন্দু অধিকারীর সরকার। গত জুন মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে সেই নির্ধারিত অর্থ। আর প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভক্ষণে সল্টলেকের মঞ্চ থেকে সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের চতুর্থ কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে হস্তান্তরিত করা হয়।

ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “আজকের এই বিশেষ দিনে রাজ্যের প্রায় দেড় কোটি মা-বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের চতুর্থ কিস্তির টাকা সরাসরি পৌঁছে গেল। এই টাকা কোনও মায়ের সন্তানের পড়াশোনার খরচ জোগাবে, আবার কোনো বোনের প্রয়োজনীয় ওষুধ বা পরিবারের জরুরি চিকিৎসায় কাজে লাগবে। নিত্যদিনের জরুরি খরচ নিয়ে চিন্তা না থাকলে মানুষের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়, আর আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা ঠিক সেই আত্মবিশ্বাসটাই জোগাচ্ছে।”

বিগত তৃণমূল সরকারের আমলে দুর্নীতির কথা মনে করিয়ে দিয়ে মোদি জানান, এখন আর কোনও মধ্যস্বত্বভোগী বা দালালের চক্র নেই। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছানোই হল আসল সুশাসন। প্রধানমন্ত্রী যোগ করেন, “আমাদের মূল মন্ত্রই হল, কথা কম, কাজ বেশি! মা-বোনেদের ক্ষমতায়ন ও সুরক্ষা নিশ্চিত করাই আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। এই সুশাসন ও আর্থিক স্বচ্ছতার ওপর ভর করেই নতুন দিগন্তের দিকে এগিয়ে চলেছে বাংলা।”

Related Articles