রাজ্যের খবর

শ্রীরামপুরে মমতার সভার অনুমতি দিল হাই কোর্ট! বেঁধে দেওয়া হল শর্ত

সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রীরামপুর কোর্ট ময়দানে এই কর্মসূচি করা যাবে

Truth of Bengal: শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে সভায় সর্বাধিক ১০০০ জন উপস্থিত থাকতে পারবেন বলে শর্ত বেঁধে দিয়েছে আদালত। আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রীরামপুর কোর্ট ময়দানে এই কর্মসূচি করা যাবে। জিটি রোডে কোনও মিছিল করা যাবে না এবং যান চলাচল যাতে ব্যাহত না হয়, সেটাও নিশ্চিত করতে হবে আয়োজকদের। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ২০০০ জনের জমায়েতের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য তাতে আপত্তি জানায়। রাজ্যের যুক্তি ছিল, শ্রীরামপুর কোর্ট ময়দান তুলনামূলকভাবে ছোট এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পান। ফলে নিরাপত্তার জন্য মঞ্চের সামনে নির্দিষ্ট পরিমাণ জায়গা খালি রাখতে হবে। বাকি জায়গায় ২০০০ মানুষের জমায়েত হলে পদপিষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে বলে আদালতে জানানো হয়।

এর পাল্টা তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ওই যুক্তি গ্রহণযোগ্য নয়। তাঁর বক্তব্য, অতীতে একই এলাকায় আরও বড় জনসমাগম হয়েছে। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য সর্বাধিক ১০০০ জনকে নিয়ে সভা করার অনুমতি দেন। এর আগে ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে সভা ও মিছিলের পরিকল্পনা করেছিল কালীঘাট তৃণমূল। সেই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল। পুলিশি অনুমতি না মেলায় বিষয়টি হাই কোর্টে গড়ায়। প্রথমে বিচারপতি ভট্টাচার্যের একক বেঞ্চ মাহেশের জগন্নাথ দেবের স্নানপিঁড়ি ময়দানে সর্বাধিক ২০০০ জনকে নিয়ে সভার অনুমতি দিয়েছিল, তবে জিটি রোডে মিছিলের অনুমতি দেওয়া হয়নি।

এর পর মাঠ সংলগ্ন জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ড ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। তাদের দাবি ছিল, স্নানপিঁড়ি ময়দান ব্যক্তিগত সম্পত্তি এবং সেখানে আর রাজনৈতিক কর্মসূচি করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চ পরে বিষয়টি ফের একক বেঞ্চে পাঠায় এবং মাঠ কর্তৃপক্ষের বক্তব্য বিবেচনা করে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশের ভিত্তিতেই বৃহস্পতিবার নতুন জায়গায় সভার অনুমতি দিল হাই কোর্ট। ফলে মাহেশের স্নানপিঁড়ি ময়দানের বদলে শ্রীরামপুর কোর্ট ময়দানে ২৬ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পথ খুলল, যদিও জনসমাগম ও যান চলাচল নিয়ে আদালতের শর্ত মেনে চলতে হবে আয়োজকদের।

Related Articles