রাজ্যের খবর

খোলা লেভেল ক্রসিং, ঘুমিয়ে কাদা গেটম্যান! ট্রেনের হর্নে ফিরল সম্বিৎ, অলৌকিকভাবে এড়াল মর্মান্তিক দুর্ঘটনা!

খোলা রেলগেট দিয়েই পারাপার পথচারীদের! রেলের গাফিলতিতে সোমড়া স্টেশনের কাছে হাড়হিম করা কাণ্ড!

Truth of Bengal: খোলা রেলগেট, দ্রুতগতিতে ধেয়ে আসছে যাত্রীবাহী ট্রেন, কিন্তু দেখা নেই কোনও দায়িত্বে থাকা কর্মীর! মঙ্গলবার রাতে পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া শাখার সোমড়া স্টেশনের কাছে কোলোড়া লেভেল ক্রসিংয়ে ধরা পড়ল রেলের নিরাপত্তাব্যবস্থার চরম বেআব্রু ও ভয়ংকর ছবি। হর্ন বাজিয়ে ট্রেন গেটের একেবারে কাছাকাছি চলে আসার পরও রেলগেট খোলাই পড়ে রইল। আর সেই খোলা গেট দিয়ে প্রাণ হাতে করে ট্রেন চলাচলের লাইনের ওপর দিয়েই পারাপার করতে থাকলেন সাধারণ পথচারীরা। শেষমুহূর্তে ঘুম থেকে উঠে তড়িঘড়ি গেট ফেলে কোনোমতে এক রক্তক্ষয়ী বিপর্যয় থেকে যাত্রীদের বাঁচান ঘুমকাতুরে গেটম্যান ওয়াসিম শেখ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ডাউন কাটোয়া লোকাল সোমড়া স্টেশন ছাড়িয়ে তীব্র গতিতে কোলোড়া লেভেল ক্রসিংয়ের দিকে এগিয়ে আসছিল। চলন্ত ট্রেনের চালক দূর থেকেই বিপদ বুঝে অনবরত হর্ন বাজাতে শুরু করেন। অভিযোগ, সেই সময়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান ওয়াসিম শেখ নিজের কেবিনের মধ্যে নিশ্চিন্তে ঘুমিয়ে কাদা হয়ে পড়েছিলেন! শেষপর্যন্ত ট্রেনের কানফাটা হর্নে ঘুম ভেঙে ধড়ফড়িয়ে উঠে কোনোমতে হাত চালিয়ে গেট ফেলেন তিনি। একটু ইতিউতি হলে কিংবা ট্রেনের গতি আর একটু বেশি থাকলে ঠিক কী ভয়াবহ পরিস্থিতি হতে পারত, তা ভেবেই শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীদের অভিযোগ, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন চলাচল প্রাইশই নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে হয়। সম্ভবত সেই ঢিলেঢালা মানসিকতা থেকেই দায়িত্বপ্রাপ্ত কর্মী লেভেল ক্রসিং খোলা রেখে কেবিনে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু ওই নির্দিষ্ট দিনে ট্রেনটি একদম কাঁটায় কাঁটায় সময়ে চলে আসাতেই ঘটে যায় এই মারাত্মক বিপত্তি। খবর পেয়েই জিরাটের স্টেশন মাস্টারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ঘটনার গুরুত্ব অনুধাবন করে পূর্ব রেলের তরফে সংশ্লিষ্ট গেটম্যানের বিরুদ্ধে কড়া বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসেই মুর্শিদাবাদে ঠিক একইরকম খোলা লেভেল ক্রসিং পার হতে গিয়ে একটি স্কুল পুলকারের সঙ্গে ট্রেনের ভিষণ সংঘর্ষ ঘটে, যার জেরে ৫ নিরীহ পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছিল। হুগলির সোমড়ায় অটোমেটিক ইন্টারলকিং সিস্টেম না থাকা ও দায়িত্বপ্রাপ্ত কর্মীর এমন কাণ্ডজ্ঞানহীন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে পুরো লেভেল ক্রসিংয়ের নিরাপত্তা জোরদার করার দাবি তুলেছেন যাত্রীরা।

Related Articles