পাকিস্তানের খেজুর আমিরশাহির লেবেল লাগিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা ব্যর্থ
ডিআরআই-এর দল নাসিকের অম্বড় কনটেইনার ফ্রেইট স্টেশনে মুম্বাইয়ের একটি সংস্থার আমদানিকৃত ১৩টি কনটেইনার আটকে দেয়।
Truth of Bengal: তৃতীয় কোনও দেশের মাধ্যমে নিষিদ্ধ পণ্য ভারতে ঢোকানোর চেষ্টার বিরুদ্ধে একটি বড় সাফল্য পেল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই। মহারাষ্ট্রে অভিযান চালিয়ে সংস্থাটি মোট ৩৬২ মেট্রিক টনেরও বেশি পাকিস্তানি শুকনো খেজুর বাজেয়াপ্ত করেছে। ‘অপারেশন ডিপ ম্যানিফেস্ট’-এর অধীনে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ডিআরআই-এর দল নাসিকের অম্বড় কনটেইনার ফ্রেইট স্টেশনে মুম্বাইয়ের একটি সংস্থার আমদানিকৃত ১৩টি কনটেইনার আটকে দেয়। কাস্টমস ও আমদানি সংক্রান্ত নথিপত্রে এই চালানের উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহির নাম উল্লেখ করা হয়েছিল। তবে ডিআরআই-এর প্রাথমিক তদন্তে ধরা পড়ে যে, এই খেজুরগুলির মূল উৎপত্তি আসলে পাকিস্তানের করাচি বন্দরে। করাচি থেকে পণ্যগুলি প্রথমে সংযুক্ত আরব আমিরশাহির জেবেল আলিতে নিয়ে যাওয়া হয়। সেখানে সুচতুরভাবে কনটেইনার বদলে অন্য একটি জাহাজে তুলে ভারতে পাঠানো হয়েছিল।
ডিআরআই-এর সন্দেহ, পাকিস্তানি নাগরিকদের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার মাধ্যমে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক পাচার চক্র এই ট্রান্সশিপমেন্টের নেপথ্যে কাজ করছিল। ২০২৫ সালের ২ মে পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত সরকার পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব ধরনের পণ্য আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। সেই আইনি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ভুয়া নথিপত্র এবং উৎসের ভুল তথ্য দিয়ে পণ্য ঢোকানোর এই চেষ্টা ব্যর্থ করে দিল ডিআরআই। সংস্থাটি জানিয়েছে, পণ্যের মিথ্যা ঘোষণা এবং নথি জালিয়াতি করে চোরাচালান চালানো এই ধরনের আন্তর্জাতিক নেটওয়ার্কগুলির ওপর নজরদারি আরও জোরদার করা হয়েছে।


