দেশ

শেষ মুহূর্তে বদল টার্গেট, লালকেল্লা বিস্ফোরণে নয়া তথ্য

গত ১৪ মে দিল্লির আদালতে প্রায় ৭,৫০০ পাতার চার্জশিট জমা দেয় এনআইএ।

গত বছর ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে ১১ জনের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এনেছে এনআইএ। তদন্তকারী সংস্থার চার্জশিটে দাবি, লালকেল্লা মূল টার্গেট ছিল না। হামলার প্রাথমিক লক্ষ্য ছিল কাছাকাছি একটি জৈন মন্দির। পরে পরিস্থিতি বদলে যাওয়ায় পরিকল্পনা পরিবর্তন করা হয়।

গত ১৪ মে দিল্লির আদালতে প্রায় ৭,৫০০ পাতার চার্জশিট জমা দেয় এনআইএ। তদন্তে মূল অভিযুক্ত চিকিৎসক উমর উন নবির ভূমিকা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থার দাবি, বিস্ফোরণের জন্য প্রয়োজনীয় উপকরণ সে নিজেই সংগ্রহ ও প্রস্তুত করেছিল। তদন্তে উদ্ধার হওয়া একটি পেনড্রাইভ থেকেও বিস্ফোরক তৈরির বিষয়ে তথ্য মিলেছে বলে চার্জশিটে উল্লেখ রয়েছে।

এনআইএ-র দাবি, বিস্ফোরণের আগে প্রায় ১১ দিন হরিয়ানার নুহ এলাকার একটি ভাড়াবাড়িতে ছিল উমর। তদন্তকারীদের অনুমান, সেখানেই বিস্ফোরকের প্রস্তুতি নেওয়া হয়েছিল। স্থানীয় কয়েকজন বাসিন্দার বয়ানও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারী সংস্থার আরও দাবি, প্রথমে জৈন মন্দির ‘লাল মন্দির’-কে নিশানা করার পরিকল্পনা ছিল। কিন্তু এলাকায় যানজট এবং পুলিশের উপস্থিতির কারণে শেষ মুহূর্তে রুট বদল করা হয়। এরপর সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় ১১ জনের, আহত হন আরও অনেকে।

Related Articles