যুব মোর্চার দুই নেতা-নেত্রীর পরকীয়ার জেরে তুলকালাম! গুসকরা ফাঁড়িতে তাণ্ডব অতিষ্ঠ গ্রামবাসীর, জখম পুলিশ কর্মীরা
পুলিশ আধিকারিকের জামা ছিঁড়ে ধাক্কা! গুসকরা ফাঁড়িতে চড়াও ক্ষুব্ধ গ্রামবাসীরা, জখম একাধিক পুলিশ
Truth of Bengal: দুই বিজেপি যুব মোর্চা নেতা-নেত্রীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরা ফাঁড়ি চত্বরে। ঘটনার সূত্রপাত একটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে হলেও তা দ্রুত রূপ নেয় পুলিশ ও উত্তেজিত গ্রামবাসীদের মধ্যে এক অভূতপূর্ব সংঘর্ষে। শনিবারের এই হিংসাত্মক ঘটনায় এক সাব-ইন্সপেক্টর সহ বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেশ কয়েকজন গ্রামবাসীকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম-১ ব্লকের দিগনগর-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মীগঞ্জ কলোনির দুই বিজেপি যুব মোর্চা নেতানেত্রীর (যাঁরা একটি নির্দিষ্ট মণ্ডলের সাধারণ সম্পাদক ও সভাপতি পদে রয়েছেন) ব্যক্তিগত সম্পর্ক ঘিরে শুক্রবার রাতেই গোলমালের সূচনা হয়। বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি নিয়ে শনিবার বিকেল ৫টা নাগাদ গুসকরা ফাঁড়ির দ্বারস্থ হন ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। অভিযোগ, সেখানে পৌঁছনোর পর কথাবার্তা চলাকালীনই কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে স্থানীয়দের তীব্র বচসা বেঁধে যায়। এরপর মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পরিস্থিতি সম্পূর্ণ উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ উঠেছে, ক্ষুব্ধ জনতার একাংশ লাঠি, রড, ইট ও পাথর নিয়ে আচমকাই উপস্থিত পুলিশকর্মীদের ওপর চড়াও হয়। সেখানে এক পুলিশ আধিকারিকের গায়ে হাত তোলা, তাঁর জামা ছিঁড়ে দেওয়া এবং ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়ার মতো অত্যন্ত গুরুতর অভিযোগও উঠেছে। গ্রামবাসীর মূল দাবি ছিল, ওই মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিবারের মধ্যে যেন কোনওভাবেই আর কোনও যোগাযোগ না থাকে। পাশাপাশি অভিযুক্ত দুই বিজেপি নেতা-নেত্রীকে অবিলম্বেই তাঁদের নিজ নিজ দলীয় পদ থেকে অপসারণ করতে হবে।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, গ্রামবাসীদের এই আচমকা হামলায় এক জন সাব-ইন্সপেক্টর (SI) সহ অন্তত চার থেকে পাঁচ জন পুলিশকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করার পর আহতদের তড়িঘড়ি চিকিৎসার জন্য নিকটস্থ গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বের অভ্যন্তরীণ বিষয় ও তাঁদের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে পুলিশ ফাঁড়ির সামনে এমন রণক্ষেত্রের চেহারা তৈরি হওয়ার ঘটনায় গোটা আউশগ্রাম এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।



