উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রেজিনগরে ধুন্ধুমার! তৃণমূল ও আম জনতা উন্নয়ন পার্টির হাতাহাতি, জখম ৩
সংঘর্ষে দু’পক্ষের মোট তিনজন আহত হয়েছেন
Truth of Bengal: উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই উত্তপ্ত রেজিনগর। বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছড়াল উত্তেজনা। অভিযোগ, তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। সংঘর্ষে দু’পক্ষের মোট তিনজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় দু’জনকে আটক করেছে রেজিনগর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে রেজিনগর থানার অন্তর্গত দাদপুর গ্রাম পঞ্চায়েতের ছেতিয়ানি গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আজিরুল শেখ তাঁর কয়েকজন অনুগামীকে নিয়ে চায়ের দোকানে বসেছিলেন। অভিযোগ, সেই সময় আমিন শেখ দলবল নিয়ে সেখানে এসে আজিরুলের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।






