রাজ্যের খবর

বাংলাদেশ সীমান্তে ২৪.৯৫ কোটি টাকার সোনা উদ্ধার! বিএসএফের জালে লেডি স্মাগলার

বানপুর সীমান্তে মেগা অপারেশন! মহিলার কাছ থেকে ১৫ কেজি সোনা মেলায় মাথায় হাত জওয়ানদের!

মাধব দেবনাথ, নদিয়া: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের বড়সড় আন্তর্জাতিক চোরাচালানের চক্রান্ত বানচাল করল সীমান্ত রক্ষী বাহিনী (BSF)। নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি ৬০৭ গ্রাম ওজনের বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। উদ্ধার হওয়া এই সোনার আনুমানিক বর্তমান বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা। এই মেগা অপারেশনে জড়িত থাকা এক মহিলা পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছেন বিএসএফ আধিকারিকরা।

বিএসএফের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীনস্থ বানপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে বিপুল পরিমাণ সোনা পাচারের একটি গোপন ছক কষা হচ্ছিল। খবর পাওয়া মাত্রই এলাকা ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানরা। সীমানা সংলগ্ন অঞ্চলে দীর্ঘক্ষণ কড়া নজরদারি চালানোর পর এক মহিলার সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে জওয়ানদের। তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও প্রথাগত তল্লাশি চালাতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা।

উদ্ধার হওয়া সোনার বিপুল বাজারমূল্য দেখে চোখ কপালে ওঠে সীমান্ত রক্ষীদের। ঘটনার পর পরই ওই মহিলা চোরাচালানকারীকে আটক করে বিএসএফের স্থানীয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এই বিশাল পরিমাণ সোনা আন্তর্জাতিক পাচারচক্রের হাত ঘুরে ভারতের কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, নেপথ্যে বড় কোনো অপরাধী চক্র বা সিন্ডিকেট কাজ করছে কি না, তা জানতে অভিযুক্ত মহিলাকে টানা জেরা করছেন বিএসএফ আধিকারিকরা।

সীমান্ত দিয়ে যে কোনো প্রকার চোরাচালান ও অনুপ্রবেশ রুখতে বর্তমানে সীমান্তজুড়ে সর্বোচ্চ নজরদারি ও টহলদারি জোরদার করেছে বিএসএফ। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, এই কাণ্ডের জট খুললে আন্তর্জাতিক সোনা পাচারচক্রের মূল পাণ্ডাদের নাম সামনে আসতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাজেয়াপ্ত সোনা-সহ অভিযুক্ত মহিলাকে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ।

Related Articles