কলকাতা

বেআইনি বিলবোর্ডের পর এবার অফিস দখলের অভিযোগ! ৯ নম্বর ক্যামাক স্ট্রিট ঘিরে বাড়ল অস্বস্তি

তবে চুক্তির একাধিক শর্ত লঙ্ঘন করা হয়েছে এবং লিজের মেয়াদ সংক্রান্ত বিষয়ে মালিকপক্ষের আর্জি কানে তোলা হয়নি।

Truth of Bengal: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ঘিরে বিতর্ক ও উত্তাপ থামার লক্ষ্মণ নেই। বেআইনি বিলবোর্ড খোলা নিয়ে এলাহি কাণ্ডের পর এবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে গায়ের জোরে অফিস ঘর দখল করে রাখার চাঞ্চল্যকর অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ওই বহুতলের মালিক রমা গোয়েঙ্কার দাবি, ২০২০ সালে তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে লিজ চুক্তির মাধ্যমে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের দুটি ফ্লোর ভাড়া দেওয়া হয়েছিল।

তবে চুক্তির একাধিক শর্ত লঙ্ঘন করা হয়েছে এবং লিজের মেয়াদ সংক্রান্ত বিষয়ে মালিকপক্ষের আর্জি কানে তোলা হয়নি। এমনকী জেলবন্দি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর স্বাক্ষর করা ওই চুক্তির পর বাড়ির মালিককে না জানিয়ে ছাদে বিশাল বিলবোর্ড লাগানো হয় বলেও অভিযোগ। এই বিষয়ে ইতিপূর্বে একাধিকবার আইনি নোটিসও পাঠিয়েছে মালিকপক্ষ।

অন্যদি‌কে, বেআইনি বিলবোর্ড উচ্ছেদকে কেন্দ্র করে ঘটে যাওয়া রণক্ষেত্রের ঘটনায় পুলিশের অভিযান জারি রয়েছে। গত বৃহস্পতিবার কলকাতা পুরসভার আধিকারিকরা হোর্ডিং খুলতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশ ও পুরকর্মীদের তুমুল ধস্তাধস্তি হয়। পুলিশ সদস্যদের কলার ধরে মারধরের অভিযোগও ওঠে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় কলকাতা পুলিশের দুষ্কৃতীদমন শাখা তৌফিক নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সব মিলিয়ে এই অশান্তির ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। হাই কোর্ট হোর্ডিং মামলায় হস্তক্ষেপ না করায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে, আর তার মাঝেই নতুন করে বহুতল দখলের অভিযোগে অস্বস্তি বাড়ল শাসক শিবিরের।

Related Articles