কলকাতা

রবিবার ছাড়া অন্য কোনও দিন সাপ্তাহিক ছুটি নয়! রাজ্যের স্বীকৃত মাদ্রাসাগুলির জন্য নয়া নির্দেশ পর্ষদের

নতুন নির্দেশের ফলে সেই ব্যবস্থায় বদল আসতে চলেছে

Truth of Bengal: রাজ্যের স্বীকৃত মাদ্রাসাগুলির সাপ্তাহিক ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এবার থেকে রবিবার ছাড়া সপ্তাহের অন্য কোনও দিন সাপ্তাহিক ছুটি রাখতে পারবে না মাদ্রাসাগুলি। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে অবিলম্বে নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে পর্ষদ। এতদিন রাজ্যের বহু মাদ্রাসায় শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসেবে পালিত হত। নতুন নির্দেশের ফলে সেই ব্যবস্থায় বদল আসতে চলেছে। স্বাভাবিকভাবেই পর্ষদের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিতর্ক।পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের শিক্ষাবর্ষের ক্যালেন্ডার এবং ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অনুযায়ী রবিবারই একমাত্র সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বিবেচিত হবে। ফলে সপ্তাহের বাকি সাধারণ কর্মদিবসগুলিতে মাদ্রাসা খোলা রাখতে হবে। চালু রাখতে হবে পঠনপাঠন থেকে শুরু করে যাবতীয় প্রশাসনিক কাজকর্মও। তবে সরকারি নির্দেশে ঘোষিত অন্যান্য ছুটি এবং ধর্মীয় উৎসব উপলক্ষে নির্ধারিত ছুটির ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। সেগুলি আগের মতোই বহাল থাকবে।

শিক্ষাবর্ষের প্রতিটি পঠনপাঠনের দিনকে যথাযথভাবে কাজে লাগানো এবং রাজ্যের সমস্ত স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রে ছুটির নিয়মে সামঞ্জস্য আনতেই এই পদক্ষেপ বলে পর্ষদ সূত্রে খবর। যদিও এই সিদ্ধান্তকে ঘিরে আপত্তি তুলতে শুরু করেছে শিক্ষক সংগঠনগুলি। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল পর্ষদের এই নির্দেশের বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, এতদিন সাধারণত মাদ্রাসাগুলিতে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকত। সেই ব্যবস্থায় বদল আনার সিদ্ধান্তের সঙ্গে তাঁরা একমত নন। তাঁর অভিযোগ, সরকারের এই পদক্ষেপ সংবিধানে স্বীকৃত সংখ্যালঘু অধিকারকে সংকুচিত করার শামিল। ফলে নতুন নির্দেশিকা নিয়ে শিক্ষা মহলে বিরোধিতার সুর আরও জোরালো হচ্ছে।

এদিকে, রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে এর মধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রায় ২৫০টি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। পড়ুয়া না থাকা এবং প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবকেই এর অন্যতম কারণ হিসেবে দেখানো হচ্ছে। ইতিমধ্যে প্রায় ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে বলেও খবর। সব মিলিয়ে প্রায় ৩০০টি মাদ্রাসার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নবান্ন সূত্রের খবর, নিয়মবহির্ভূতভাবে চলা কোনও মাদ্রাসাকে ছাড় দেওয়া হবে না। খারিজি মাদ্রাসার পাশাপাশি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও পরিকাঠামো ও নিয়ম মেনে চলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ২৫২টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন গুরুতর অসঙ্গতি এবং আইন মেনে প্রতিষ্ঠান পরিচালনা না করার অভিযোগ উঠেছিল সেগুলির বিরুদ্ধে।