২১ জুলাইয়ের পর এবার ২৮ অগস্ট! টিএমসিপির মেগা সভা নিয়ে ফের হাইকোর্টে মামলা
সোমবার কালীঘাটপন্থী টিএমসিপির হয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অর্ককুমার নাগ
Truth of Bengal: ২১ জুলাইয়ের কর্মসূচির পর এ বার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা নিয়েও গড়াল মামলা। আগামী ২৮ অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার মেয়ো রোডে সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী ছাত্র সংগঠন। মামলাটির শুনানি আগামী বুধবার হতে পারে। সোমবার কালীঘাটপন্থী টিএমসিপির হয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অর্ককুমার নাগ। আদালতে তিনি জানান, প্রতিষ্ঠা দিবসের সভার অনুমতির জন্য গত ২৭ জুলাই পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। এরপর ৩ অগস্ট এবং ৭ অগস্ট পুলিশের কাছে সেই আবেদনের অগ্রগতি জানতে চাওয়া হলেও কোনও উত্তর মেলেনি বলে অভিযোগ।
আইনজীবীর বক্তব্য, পুলিশের তরফে সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে কালীঘাটপন্থী টিএমসিপি। একই সঙ্গে মামলাটির জরুরি শুনানির আর্জিও জানানো হয়েছে। প্রতি বছর ২৮ অগস্ট কলকাতার মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা অনুষ্ঠিত হয়ে এসেছে। তবে এ বছর রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই আলাদা। নির্বাচনী ফলের পর তৃণমূলের বিভিন্ন শিবির আলাদা পথে হাঁটছে। একাংশ এনসিপিআই-তে যোগ দিয়েছে, অন্য একটি অংশ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছে, আর কালীঘাটপন্থী অংশ পৃথক ভাবে নিজেদের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
গত ২১ জুলাইও তৃণমূলের বিভিন্ন শিবির আলাদা ভাবে কর্মসূচি পালন করেছিল। এনসিপিআই দিল্লিতে অনুষ্ঠান করে, অন্যদিকে কলকাতায় পৃথক জায়গায় কর্মসূচি নেয় কালীঘাট এবং ঋতব্রতপন্থী শিবির। এই পরিস্থিতিতে ২৮ অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস কোন শিবির কোথায় পালন করবে, তা নিয়েও রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। তার মধ্যেই ঐতিহ্যগত ভাবে যে মেয়ো রোডে এই কর্মসূচি হয়ে এসেছে, সেখানেই এ বছর সভা করার অনুমতি চেয়ে হাই কোর্টে গেল কালীঘাটপন্থী টিএমসিপি।





