বিনোদন

মন্দারমণির পর জুহুর ইসকন! সাগরপাড়ের বোল্ড অবতার ছেড়ে সালোয়ার-স্যুটে নজর কাড়লেন সানি লিওন

গ্ল্যামারাস লুকের বদলে এদিন সানির পরনে ছিল হালকা রঙের এমব্রয়ডারি করা সালোয়ার স্যুট

Truth of Bengal: মাসখানেক আগেই মন্দারমণি থেকে ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় চর্চায় এসেছিলেন সানি লিওন। এবার একেবারে অন্য অবতারে ধরা দিলেন অভিনেত্রী। জুহুর ইসকন মন্দিরে স্বামী ড্যানিয়েলের সঙ্গে পুজো দিতে দেখা গেল তাঁকে। গ্ল্যামারাস লুকের বদলে এদিন সানির পরনে ছিল হালকা রঙের এমব্রয়ডারি করা সালোয়ার স্যুট। মাথায় ওড়না দিয়ে ভক্তিভরে প্রার্থনা করেন তিনি। অভিনেত্রীর এই সাদামাটা, ছিমছাম লুকও নজর কেড়েছে অনুরাগীদের। সানির সঙ্গে ছিলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও। সাদা টি-শার্টের উপর সবুজ শার্ট এবং ক্রিম রঙের প্যান্ট পরে স্ত্রীর পাশে দাঁড়িয়ে প্রার্থনায় অংশ নেন তিনি। ইসকন মন্দিরে তাঁদের সেই মুহূর্তের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

জানা যাচ্ছে, নিজের আসন্ন প্রজেক্টের সাফল্য কামনাতেই মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন সানি। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তাঁর ‘DJ World Tour’ নিয়েও ব্যস্ততা তুঙ্গে। ভারত, থাইল্যান্ড এবং কানাডার একাধিক শহরে ইতিমধ্যেই পারফর্ম করেছেন তিনি। পাটায়া, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ এবং কোচিতেও মঞ্চ মাতিয়েছেন ‘বেবি ডল’। ইউরোপ, আমেরিকা ও শ্রীলঙ্কার বিভিন্ন জায়গাতেও তাঁর শো হয়েছে। আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে স্কটল্যান্ডের গ্লাসগো এবং আয়ারল্যান্ডের ডাবলিনেও পারফর্ম করেছেন সানি। তাঁর এই ট্যুরের পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া।

অন্যদিকে সিনেমার কাজ নিয়েও ব্যস্ত অভিনেত্রী। ‘কেনেডি’ ছবিতে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। বর্তমানে হরর-কমেডি ছবি ‘চুদাইল’-এর কাজে ব্যস্ত সানি। এই ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মন্দানা করিমি এবং রাহুল দেবকে। ছবির বড় অংশের শুটিং হয়েছে উত্তরপ্রদেশে। গল্প অনুযায়ী, বুলন্দশহরের রাস্তায় ঘুরে বেড়ানো এক অতৃপ্ত আত্মার ভূমিকায় দেখা যাবে সানি লিওনকে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী এক অতিপ্রাকৃত শক্তির চরিত্রে রয়েছেন মন্দানা করিমি। ২০২৬ সালের শেষের দিকে ছবিটি মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

‘কেনেডি’র পর এই ছবিকে ঘিরেও সানির অনুরাগীদের আগ্রহ তৈরি হয়েছে। অতীতে প্রাপ্তবয়স্ক বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও পরে সেই দুনিয়া ছেড়ে ভারতে নতুন কেরিয়ার শুরু করেন সানি। সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর দেশজুড়ে তাঁর জনপ্রিয়তা বাড়ে। এরপরই বলিউডে অভিনয়ের সুযোগ পেতে শুরু করেন তিনি এবং ধীরে ধীরে হিন্দি বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করেন।