কলকাতারাজ্যের খবর

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সুস্পষ্ট নিম্নচাপের থাবা! কোন কোন জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা?

উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের

Truth of Bengal: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি সুস্পষ্ট নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ সেটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের। এর প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। আজও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা রয়েছে। কোনও কোনও জায়গায় বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে বেশি হতে পারে। শনিবার, ১৫ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্র ও শনিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল থাকার আশঙ্কা। আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রের উপর দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট থাকবে। বিশেষ করে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এক-দু’টি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে।

Related Articles