রাজ্যের খবর

কাশ্মীর এবার হাতের মুঠোয়! মালদহের এই গ্রামেই দেখা মিলবে ‘মিনি পহেলগাম’-এর

গৌড়ের বিখ্যাত চাঁদ সওদাগরের মাঠে প্রকৃতির এক অনন্য রূপ দেখতে প্রতিদিন কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন সেখানে

অভিষেক দাস, মালদা: কাশ্মীরি আমেজ এখন মালদহেই! সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলাবাসীর কাছে নতুন উন্মাদনা হয়ে উঠেছে ‘মিনি পহেলগাম’। গৌড়ের বিখ্যাত চাঁদ সওদাগরের মাঠে প্রকৃতির এক অনন্য রূপ দেখতে প্রতিদিন কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন সেখানে। প্রাকৃতিক নিসর্গের কারণে এই স্থানটি এখন পর্যটক থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটরদের হটস্পট।মালদহের মাধাইপুর যাত্রডাঙ্গা এলাকার ভাটরা বিল অনেক আগে থেকেই ‘মিনি দিঘা’ হিসেবে পরিচিতি পেয়েছিল। জলরাশির টানে বহু মানুষ সেখানে যেতেন। তবে এবারের আকর্ষণ সম্পূর্ণ আলাদা। সবুজে ঘেরা পাহাড়ি উপত্যকার মতো মনোরম পরিবেশের জন্য এই নতুন গন্তব্যটিকে নেটদুনিয়ায় ‘মিনি পহেলগাম’ হিসেবে তকমা দেওয়া হয়েছে।

সুসতানি মোড় থেকে মোহাব্বতপুর সীমান্তের দিকে প্রায় ১১ কিলোমিটার গভীরে গেলেই দেখা মিলবে এই সৌন্দর্যের। সেখানে রয়েছে উঁচু-নিচু সবুজ ঘাসের গালিচা, প্রাচীন গাছপালা, পুকুর আর ইতিহাসের সাক্ষ্য বহনকারী পাথরের স্তম্ভ। এই শান্ত ও স্নিগ্ধ পরিবেশ ইউটিউবার ও রিলস নির্মাতাদের দারুণ আকর্ষণ করছে। কেউ আসছেন ভিডিও শ্যুট করতে, আবার কেউ সপরিবারে কিছুটা নিরিবিলি সময় কাটাতে।

কাশ্মীরের পহেলগামের পাহাড় ও তৃণভূমির সঙ্গে এই অঞ্চলের অদ্ভুত সাদৃশ্য খুঁজে পাচ্ছেন দর্শনার্থীরা। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রচারের আলো পাওয়ায় এখানে পর্যটনের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। উপযুক্ত সরকারি পরিকাঠামো এবং পর্যটন ব্যবস্থার উন্নতি ঘটানো হলে এই ‘মিনি পহেলগাম’ ভবিষ্যতে উত্তরবঙ্গের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে বলে মনে করছেন তাঁরা।