দেশ

বাবা-মায়েরাও যা পারেনি, তোমরা তা করে দেখালে!’, প্রয়াগরাজে Gen Z-কে নিয়ে রাহুলের বড় বার্তা

"দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে খতম-টাটা-বাই বাই করো!", প্রয়াগরাজে যুবসমাজকে তাতালেন রাহুল গান্ধী

Truth of Bengal: ‘তোমরা সেই অসাধ্য সাধন করেছ, যা তোমাদের বাবা-মায়েরাও করতে পারেননি। তোমরা সমাজকে ভয় জয় করতে শিখিয়েছ এবং গোটা দেশকে বদলে দিয়েছ।’, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত ‘ছাত্রো কি গুঞ্জ’ নামক এক কর্মসূচিতে যোগ দিয়ে তরুণ জেন জি (Gen Z) প্রজন্মকে ঠিক এভাবেই উদ্দীপ্ত করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর সাফ বক্তব্য, ভারতের বর্তমান ছাত্রসমাজ সমস্ত ভয়কে পেছনে ফেলে অন্ধকারে আশার আলো জ্বালিয়েছে। তবে প্রয়াগরাজের এই মঞ্চ থেকে রাহুল কেন্দ্রকে নিশানা করতেই পাল্টা তোপ দেগেছে বিজেপি। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কটাক্ষ করে বলেছেন যে, রাহুলের উচিত ছিল প্রয়াগরাজে না গিয়ে রাঁচিতে গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানো।

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের পর থেকেই শিক্ষা সংক্রান্ত নানা সামাজিক ও প্রশাসনিক ইস্যু নিয়ে সরব বিরোধী দলনেতা। তরুণ প্রজন্মের মন জয় করতে ও তাঁদের আবেগ বুঝে পাশে দাঁড়াতে ‘ছাত্রো কি গুঞ্জ’ শীর্ষক কর্মসূচির সূচনা করেছেন তিনি। ইতিধ্যেই একাধিক জেলায় এই কর্মসূচি পালিত হয়েছে। শনিবার রাতে প্রয়াগরাজে আয়োজিত অনুষ্ঠানে প্রশ্নফাঁস এবং দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া বেকারত্ব নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন রাহুল।

তিনি অভিযোগ করেন, বর্তমান প্রজন্মকে ইচ্ছাকৃতভাবে কাজের সুযোগ না দিয়ে সামাজিক মাধ্যমে ‘রিল’ বানানোর নেশায় ডুবিয়ে রাখা হচ্ছে। রাহুলের কথায়, “সন্তানকে পড়াশোনা করাতে বাবা-মায়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। বিএ, এমএ ডিগ্রির শংসাপত্র মিললেও কাজের কোনও নিশ্চয়তা নেই। পরিসংখ্যানে স্পষ্ট, দেশে প্রতি ১০০০ জন শিক্ষিত বেকারের মধ্যে মাত্র ১২ জন চাকরি পাচ্ছেন। আর সরকার সবাইকে চাকরি না দিয়ে বলছে রিল বানাও এবং রিল দেখো।”

নাম না করে যন্তর মন্তরে পড়ুয়াদের সাম্প্রতিক আন্দোলনের প্রশংসা করে রাহুল গান্ধী আরও বলেন, “আজকের যুবসমাজ ভিতরের ভয়কে জয় করেছে। হিংসা নয়, ভারতের মূল সংস্কৃতি হলো অহিংসা ও ভালবাসা। এই ভালবাসাকে শক্তি করে আমাদের গোটা দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে একেবারে খতম-টাটা-বাই বাই করে দিতে হবে।”

অন্যদিকে, প্রয়াগরাজে রাহুলের এই ভাষণের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি মনে করিয়ে দেন, এই মুহূর্তে ঝাড়খণ্ডে পরীক্ষার নানা অনিয়ম ও প্রশ্নফাঁস নিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন ছাত্র সমাজ। সরকারের তরফে আলোচনার চেষ্টা করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। রিজিজুর বক্তব্য, “নিজের জোটশাসিত রাজ্যে যেখানে ছাত্ররা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, সেখানে প্রয়াগরাজে না গিয়ে রাহুলের উচিত ছিল রাঁচিতে গিয়ে পড়ুয়াদের মুখোমুখি হওয়া।”

Related Articles