“ওমন পাপী ছেলে না থাকাই ভাল, শ্মশানেও যাব না!”, এনকাউন্টারে নিহত ছেলের মুখও দেখতে চান না মা
পুলিশি এনকাউন্টারে অভিযুক্ত ছেলের মৃত্যুতে চরম ঘৃণা প্রকাশ মায়ের
Truth of Bengal: পেটের সন্তান হলেও কুকর্মের কথা সামনে আসতেই এক লহমায় মুছে গেল সমস্ত মায়ের মমতা। পুলিশের এনকাউন্টারে নিহত নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে মূল অভিযুক্ত দিলীপ রায়ের মৃতদেহ শেষবারের মতো দেখতেও স্পষ্টভাবে অস্বীকার করলেন তাঁর নিজের মা চানিয়া রায়। রাতেই হাসপাতালে খবর পৌঁছানোর পর এক কাপড়ে ছুটে গিয়ে তিনি জানতে পেরেছিলেন তাঁর একমাত্র ছেলে আর বেঁচে নেই। কিন্তু প্রতিবেশীদের মুখে সমস্ত কুকর্মের কথা শোনার পর শোকে পাথরে হয়ে যাওয়া মা সাফ জানিয়ে দিয়েছেন, “ওমন পাপী ছেলে না থাকাই ভাল, আমি শ্মশানেও যাব না।”
মায়ের বিস্ফোরক মন্তব্য ও অতীতের কালো অধ্যায়
দিলীপের মা চানিয়া রায় দাবি করেন, দিলীপ তাঁর একমাত্র সন্তান হলেও বহু ছোট থেকেই সে বাড়িছাড়া ছিল এবং কোনও দিনই পরিবারের খোঁজ রাখত না। বৃদ্ধ বাবা ও মায়ের দিকে সে কোনওদিন ফিরেও তাকায়নি। মায়ের আক্ষেপ, “এমন পাপিষ্ঠ ছেলে বেঁচে না থাকাই ভাল। যা ঘটনা ঘটিয়েছে, তাতে সমাজে মুখ দেখানোর কোনও অবস্থাই নেই। চলে গেছে, খুব ভালও হয়েছে।”
এদিকে দিলীপের মৃত্যুর পর তার অন্ধকার অতীতের একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন প্রতিবেশীরা। গ্রামবাসীর সূত্রে জানা গিয়েছে, এটিই প্রথম নয়; এর আগেও প্রায় ষোলো বছর আগে নিজেরই এক আত্মীয়ের ছয় বছরের এক শিশুকন্যার ওপর পাশবিক নির্যাতন চালিয়েছিল এই দিলীপ। সেই সময় গ্রামের মানুষ তাকে হাতেনাতে ধরে মারধর করেছিল এবং অন্যায়ের খেসারত হিসেবে মায়ের এক কাঠা জমি বিক্রি করে নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল। দীর্ঘ ১৬ বছর পর সেই একই পাপাচারী রূপ নিয়ে সে প্রতিবেশী এক ১২ বছরের নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করে। ক্ষিপ্ত গ্রামবাসীর স্পষ্ট বক্তব্য, এমন জঘন্য অপরাধের কোনও ক্ষমা হয় না, পুলিশের গুলিতে তার সঠিক পরিণতিই হয়েছে।
কুলিকের জঙ্গল থেকে বিহার পালানোর ছক ও এনকাউন্টার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার পাশের বাড়ির ১২ বছরের ওই কিশোরীকে কুলিক নদী দেখানোর লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল দিলীপ। এরপর থেকেই নিখোঁজ ছিল শিশুটি। গত বৃহস্পতিবার আব্দুলঘাটার জঙ্গল থেকে তার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরই এলাকা থেকে পালিয়ে যায় দিলীপ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঝাড়খণ্ডের আদি নিবাসী দিলীপ সীমান্ত লাগোয়া পাড়ারপুকুরের রাস্তা ধরে বিহারের তারাপুরে পালানোর ছক কষছিল। রবিবার গভীর রাতে পুলিশ সেই এলাকায় অভিযান চালালে দিলীপ পালানোর পথ না পেয়ে পকেট থেকে বন্দুক বের করে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে এবং বাধ্য হয়েই পুলিশও পাল্টা গুলি চালায়। গৌরি পঞ্চায়েতের পাড়ারপুকুর বাঁধে পুলিশের গুলিতেই খতম হয় কুখ্যাত অভিযুক্ত দিলীপ রায়। এই ঘটনায় গোটা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।





