অসমের বন্যাদুর্গতদের পাশে কার্তিক আরিয়ান, অনুদান ১ কোটি টাকা
এই কঠিন সময়ে অসমের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা।
Truth of Bengal: কয়েক দিন বৃষ্টির দাপট কিছুটা কমায় অসমের কয়েকটি এলাকায় বন্যার জল নামতে শুরু করেছিল। তবে রাজ্যের বিস্তীর্ণ প্রান্তিক অঞ্চলে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এরই মধ্যে নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জারি হয়েছে হলুদ সতর্কতা। বন্যা পরিস্থিতিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮।
এই কঠিন সময়ে অসমের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা। তাঁদের মধ্যে সবচেয়ে বড় আর্থিক সহায়তা দিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনি ১ কোটি টাকা অনুদান দিয়েছেন।
অভিনেতার এই উদ্যোগের কথা সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কার্তিককে ধন্যবাদ জানিয়ে বলেন, এই উদার অনুদান বন্যাকবলিত এলাকার ত্রাণ ও পুনর্বাসনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্স-এ করা পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “আপনার এই উদার অনুদানে আমি সত্যিই আপ্লুত। এই সহযোগিতা অসমের মানুষের দুর্দিন কাটিয়ে উঠতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।”
অসম সরকারও সমাজমাধ্যমে কার্তিক আরিয়ানকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছে, সময়োপযোগী এই সহায়তা রাজ্যের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুধু কার্তিক নন, অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাটও। তিনি দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং তাঁর স্ত্রী, লেখক-চলচ্চিত্র নির্মাতা তাহিরা কাশ্যপও বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন।
প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে বলিউড তারকাদের মানবিক উদ্যোগ অসহায় মানুষের পাশে নতুন করে আশার আলো জাগিয়েছে।






