কলকাতা

সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগে ধৃত হামিম, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা খতিয়ে দেখছে রাজ্য পুলিশ

তদন্তকারী সূত্রের দাবি, হামিম কাশ্মীরে থাকা সাজ্জাদ ভাট গোষ্ঠীর সদস্যদের কাছে দাবি করেছিলেন যে, তাঁর কাছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে একাধিক তথ্য রয়েছে।

Truth of Bengal: বেঙ্গল এসটিএফের হাতে ধৃত হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে তদন্তকারী সূত্রের দাবি। সূত্রের খবর, হামিম সাজ্জাদ ভাট গোষ্ঠীর সরাসরি সদস্য ছিলেন না। তবে পশ্চিমবঙ্গ থেকে ওই জঙ্গি নেটওয়ার্কের জন্য তথ্য সংগ্রহ ও সরবরাহের কাজ করতেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

তদন্তকারী সূত্রের দাবি, হামিম কাশ্মীরে থাকা সাজ্জাদ ভাট গোষ্ঠীর সদস্যদের কাছে দাবি করেছিলেন যে, তাঁর কাছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে একাধিক তথ্য রয়েছে। যদিও তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তিনি স্লিপার সেল হিসেবে কাজ করতেন না। বরং পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে কাশ্মীরে পাঠানোর কাজেই তিনি যুক্ত ছিলেন বলে জেরায় উঠে এসেছে।

সূত্রের খবর, হামিমের পাঠানো তথ্যের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অবস্থান সংক্রান্ত তথ্যও ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। তবে এই তথ্যের সত্যতা এখনও যাচাই করছে বেঙ্গল এসটিএফ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না তদন্তকারীরা।ধৃত হামিম মণ্ডল পশ্চিমবঙ্গের হাওড়ার বাসিন্দা। তদন্তের অংশ হিসেবে তাঁর হাওড়ার বাড়িতেও একটি দল পাঠানোর প্রস্তুতি নিয়েছে বেঙ্গল এসটিএফ।

জেরায় তিনি হাওড়া থেকেই সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তদন্তকারীরা।এদিকে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি সামনে আসায় রাজ্য পুলিশের শীর্ষ মহলে তৎপরতা বেড়েছে। সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্যের ডিজিপি বেঙ্গল এসটিএফ এবং ডিরেক্টরেট অফ সিকিউরিটির শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন। সেখানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য হুমকির বিষয়টিও খতিয়ে দেখা হবে।তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্তকারী সংস্থার তরফে এখনও পর্যন্ত এই সমস্ত অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।

Related Articles