কন্যাশ্রীর নাম বদলে ‘কন্যারত্ন’, ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্যের জনপ্রিয় দুই জনকল্যাণমূলক প্রকল্পের নাম বদলের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Truth of Bengal: রাজ্যের জনপ্রিয় দুই জনকল্যাণমূলক প্রকল্পের নাম বদলের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘কন্যাশ্রী’ প্রকল্পের নতুন নাম হবে ‘কন্যারত্ন’। পাশাপাশি, ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ কর্মসূচি ‘সবুজ সাথী’-র নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘সারথী’। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র নাম পরিবর্তন করা হচ্ছে, প্রকল্পগুলির সুবিধা এবং কার্যক্রম আগের মতোই চালু থাকবে। তাঁর কথায়, “ছাত্রছাত্রীদের জন্য যা করার, তা করা হবে।”
২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প। মেয়েদের স্কুলছুট রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যেই এই প্রকল্প শুরু হয়। প্রকল্পের আওতায় ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীদের বার্ষিক অনুদান দেওয়া হয়। ১৮ বছর পূর্ণ হওয়ার পর অবিবাহিত থাকলে এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রেও নির্দিষ্ট সুবিধা রয়েছে। আন্তর্জাতিক স্তরেও এই প্রকল্প একাধিক স্বীকৃতি অর্জন করেছে। মুখ্যমন্ত্রী জানান, প্রতি বছরের ১৪ আগস্ট ‘কন্যাশ্রী দিবস’ আগের মতোই পালন করা হবে। তবে এবার থেকে সেটি ‘কন্যারত্ন দিবস’ নামে পালিত হবে। একই সঙ্গে সবুজ সাথী প্রকল্পের নতুন নাম ‘সারথী’ হলেও ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।






