ভারী বৃষ্টির দিন শেষ, সোমবার পর্যন্ত বজায় থাকবে ভ্যাপসা গরম! দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টি কমতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়তে শুরু করেছে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি
Truth of Bengal: গভীর নিম্নচাপ আরও শক্তি হারিয়ে বর্তমানে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের উপর অবস্থান করছে। এর প্রভাব পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই সরে যাওয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা কমেছে। তবে বৃষ্টি কমতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়তে শুরু করেছে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত মোটের উপর এমনই আবহাওয়া বজায় থাকবে। গভীর নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিনে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করে। আগামী কয়েক দিনে তা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের পাশাপাশি অস্বস্তিও অনুভূত হবে। কোথাও আকাশ মেঘলা, আবার কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। বুধবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় রোদের দেখা মিলেছে। তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় মেঘ জমার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বা বড় ধরনের ঝড়ের কোনও সতর্কতা নেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হলুদ সতর্কতা জারি রয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৪.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে এখনই ভারী বৃষ্টির পরিস্থিতি পুরোপুরি কাটছে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আবার বাড়তে পারে। ওই সময় পাহাড় ও সংলগ্ন পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।





